.jpg)
শেষ আপডেট: 24 November 2023 19:51
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গাড়ির সামনে পুলিশের বোর্ড। দেখে বোঝার উপায় নেই যে, সেটা ভুয়ো পুলিশের গাড়ি। কিন্তু আসল পুলিশের অভিজ্ঞ নজর থেকে বাঁচা খুবই মুশকিল। তাই পুলিশের বোর্ড লাগিয়েও চোখে ধুলো দিতে পারল না ভুয়ো সিআইডির দল। পুলিশের চেকিংয়েই ধরা পড়ে গেল ৬ ভুয়ো সিআইডি। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ। এই ঘটনা ঘিরে শোরগোল ছড়িয়ে পড়ে বিষড়ার ৩ নম্বর রেলগেটের সামনে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নাকা চেকিং করার সময় ৩ নম্বর রেলগেট এলাকায় পুলিশের বোর্ড লাগানো একটি গাড়িকে দেখে সন্দেহ হয় নিরাপত্তায় থাকা পুলিশকর্মীদের। তাদের গাড়ি আটক করে রিষড়া থানার পুলিশ। গাড়ির মধ্যে থাকা ৬ ব্যক্তি প্রথমে নিজেদের সিআইডির অফিসার বলে পরিচয় দেয়।
এতেই সন্দেহ আরও গাঢ় হয় পুলিশের। প্রমাণপত্র দেখতে চায় তারা। প্রমাণপত্র হাতে পেতে সমস্ত কারসাজি ফাঁস হয়ে যায়। পুলিশ বুঝতে পারে সব কটা পরিচয় পত্রই জাল। তারপরেই ওই ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে রিষড়া থানার পুলিশ।
চন্দননগর পুলিশের এক কর্তা বলেন, ধৃত ছয়জন অভিযুক্ত মধ্যে তিনজন অন্ধপ্রদেশ ও তিনজন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। পুলিশের অনুমান, ওই ৬ জন ভুয়ো সিআইডি পরিচয় দিয়ে রিষড়ার বাসিন্দা বাবু নন্দ নামে একজনকে ভয় দেখাতে গিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবু নন্দ এই যুবকদের চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করেছিল। তার প্রতিশোধ নিতেই ওই ৬ জন এসেছিল রিষড়ায়।
এর আগেও তারা একবার অগস্ট মাসের প্রথম দিকে বাবু নন্দের কাছে এসেছিল। সেখানে বন্দুকের নল সামনে ধরে তাকে বেধড়ক মারধর করে। সেই ঘটনার পর বাবু নন্দ রিষড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।