বাংলায় গেরুয়া শিবিরে অনেকের ধারণা ছিল, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে প্রচুর ভোটারের নাম বাদ যাবে। অর্থাৎ সেখানে অসংগৃহীত ভোটারের সংখ্যা কম হবে।

সিইও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 4 December 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন তথা SIR শুরু হওয়ার আগে বিজেপি নেতারা দাবি করছিলেন, ১ কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাবে। তবে সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে সংখ্যাটা এখনও পর্যন্ত তার ধারে কাছেও পৌঁছয়নি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট অসংগৃহীত এনুমারেশন ফর্মের (un collectable enumeration form) সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লক্ষ ৮ হাজার ৪৩১। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৩৪ হাজার। ৯ লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি। ১৮ লক্ষ ভোটার স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন।
তবে কৌতূহলের বিষয় হল, এই অংসগৃহীত ফর্মের মধ্যে কতজন হিন্দু ও কতজন সংখ্যালঘু ভোটার?
এ ব্যাপারে প্রশ্ন করা হলে, কমিশনের কাছ থেকে কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। কতজন অনুপ্রবেশকারী এই তালিকায় রয়েছে তাও স্পষ্ট নয়।
বাংলায় গেরুয়া শিবিরে অনেকের ধারণা ছিল, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে প্রচুর ভোটারের নাম বাদ যাবে। অর্থাৎ সেখানে অসংগৃহীত ভোটারের সংখ্যা কম হবে। কিন্তু এখনও পর্যন্ত সেরকম উল্লেখযোগ্য কোনও প্রবণতা দেখা যায়নি বলেই কমিশন সূত্রে খবর। এটা ঠিক, সংখ্যালঘু এলাকায় ইতিমধ্যে প্রচুর ভোটারের খোঁজ পাওয়া যায়নি। তবে সেই সংখ্যা অনেক বিজেপি নেতাদের আপাত ধারনার মতো নয়। তা অনেক কম।
বিপরীতে বরং দেখা যাচ্ছে, বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে বহু অনগ্রসর হিন্দু ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার মধ্যে মতুয়াদের একটা বড় অংশ রয়েছেন। এসআইআর শুরু হওয়ার আগে এ ব্যাপারে স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর অনেক আশ্বাস-প্রতিশ্রুতি দিলেও এখন তাঁর দেখা পাওয়া যাচ্ছে না। সূত্রের দাবি, এই বিষয়টি নিয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিয়ে তাঁদের কথা হয়েছে বলে জানা যাচ্ছে।
কমিশন সূত্রে বলা হচ্ছে, যে তিন জেলায় অসংগৃহীত বা un collectable ফর্মের সংখ্যা সবচেয়ে বেশি সেগুলি হল উত্তর ২৪ পরগনা। এই জেলায় প্রায় সাড়ে ৭ লক্ষ ভোটারের খোঁজ নেই। এর পর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এখানে প্রায় ৬ লক্ষ ভোটারের খোঁজ নেই। তিন নম্বরে রয়েছে হাওড়া। এই জেলায় ৪ লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি।