
শেষ আপডেট: 18 December 2023 15:26
দ্য ওয়াল ব্যুরো: নিভে গেল জীবনদীপ। চলে গেলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন (Sumitra Sen)।
ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছিলেন শিল্পী। গত ২১ ডিসেম্বর তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। তাঁকে বাড়ি নিয়ে এসে চিকিৎসা করানোরই সিদ্ধান্ত নিচ্ছিল পরিবার। আজ মঙ্গলবার ভোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গতমাসে আচমকাই ঠান্ডা লেগে যায় বৃদ্ধা সুমিত্রা সেনের (Sumitra Sen)। চিকিৎসায় তাঁর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন, নিউমোনিয়া থেকেই জটিলতা তৈরি হয়। হাসপাতালে ভর্তি করার পরেও শারীরিক অবস্থা সঙ্কটজনকই ছিল শিল্পীর।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই মেয়েও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তাঁর বড় মেয়ে বিশিষ্ট শিল্পী ইন্দ্রাণী সেন। ছোট মেয়ে শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন। শ্রাবণী সেন জানিয়েছিলেন, জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে যায় তাঁর মায়ের। শুরু হয় শ্বাসকষ্টও। পরিস্থিতি খারাপ হওয়ায় মাকে ভর্তি করেন হাসপাতালে। কিন্তু সঙ্কট কাটেনি। জানা গিয়েছিল, রাইলস টিউব দিয়ে খাওয়াতে হচ্ছিল তাঁকে। হাসপাতাল থেকে বাড়িতে এনে তাঁর চিকিৎসা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছিল। এই বছর মার্চেই ৯০ বছরে পা দিতেন বিশিষ্ট শিল্পী সুমিত্রা সেন।