
শেষ আপডেট: 11 March 2023 09:06
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক অর্থনীতিতে মন্দার পূর্বাভাসের কথা শোনা যাচ্ছে। গুগল থেকে মেটা, সুইগি থেকে অ্যামাজনে দেদার কর্মীছাঁটাই শুরু হয়েছে। এ হেন পরিস্থিতিতে মন্দার আঁচ গিয়ে পড়ল মার্কিন মুলুকেও। শুক্রবার সে দেশের ব্যাঙ্ক নিয়ন্ত্রক সংস্থা সিলিকন ভ্যালি ব্যাঙ্কে (Silicon valley Bank) ৪৮ ঘণ্টার জন্য লেনদেন বন্ধের(Collapses) নির্দেশ দিয়েছে।
২০০৮ সালে বিশ্বব্যাপী আর্থিক মন্দার স্মৃতি এখনও টাটকা। অনেকে বলতে শুরু করেছেন, কোভিড পরিস্থিতির পর যখন আন্তর্জাতিক অর্থনীতি এখনও মাজা টান করতে পারেনি তখন এবারের মন্দা দেড় দশক আগের চেয়েও খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে। গত আড়াই বছরে এই নিয়ে আমেরিকার দ্বিতীয় বিমা ব্যাঙ্কে তালা পড়ল। এর আগে ২০২০ সালের অক্টোবরে আলমেনা স্টেট ব্যাঙ্কও বন্ধ হয়েছিল।
সিলিকন ভ্যালি ব্যাঙ্ক হল আমেরিকার অন্যতম বড় ব্যাঙ্ক৷ এই ব্যাঙ্ক মূলত প্রযুক্তি বিষয়ক সংস্থাগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে। মার্কিন ফেডারেল রিজার্ভ গত ১৮ মাসে সুদের হার বাড়িয়েছে। সে কারণে এই ধরনের সংস্থাগুলি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের।
জানা গিয়েছে, সিলিকন ভ্যালি ব্যাঙ্কের প্রধান কার্যালয় এবং সমস্ত শাখা ১৩ মার্চ ফের খুলবে। সমস্ত আমানতকারী সোমবার সকালের মধ্যে তাঁদের জমা অর্থের লেনদেন করতে পারবেন। মাঝের এই দু’দিন সব লেনদেন বন্ধ থাকবে।
সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ফিনান্সিয়াল গ্রুপের সিইও গ্রেগ বেকার অবশ্য বলেছেন, এ নিয়ে আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গ্রাহকদের গচ্ছিত অর্থ সুরক্ষিত রয়েছে। পাশাপাশি বড় অঙ্কের পুঁজি লগ্নিকারীদের পাশে দাঁড়ানোরও বার্তা দিয়েছেন গ্রেগ। তিনি বলেন, ‘গত ৪০ বছর ধরে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, সেভাবেই পাশে থাকার অনুরোধ করছি। উদ্বিগ্ন হবেন না। বিশ্বাস রাখুন, বরসা রাখুন।’
জানা গিয়েছে স্টার্টআপগুলিতে বিনিয়োগ করে বিশাল ব্যবসা তৈরির পরে সিলিকন ভ্যালি ব্যাঙ্ক তার বেশিরভাগ সম্পদ মার্কিন বন্ডে বিনিয়োগ করেছে। এরপর মুদ্রাস্ফীতির জন্য মার্কিন রিজার্ভ ব্যাঙ্ক বছরে সুদের হার বাড়াতে শুরু করে, যার ফলে বন্ডের মান কমে যায়।
কোভিড মহামারীর পরে স্টার্টআপ কোম্পানিগুলো দুর্বল হতে থাকে। সেই সময়ে আমানতকারীরা গচ্ছিত অর্থ তুলে নেন। সেই সময়ে বড় ধাক্কা খায় এই ব্যাঙ্কটি। এখন দেখার এই অভিঘাত ৪৮ ঘণ্টাতেই থেমে থাকে নাকি আরও দুর্দিন অপেক্ষা করছে।
দিল্লিতে রং মাখিয়ে হয়রানি জাপানি তরুণীকে, খোঁজ মিলছে না তাঁর, গ্রেফতার নাবালক-সহ তিন