
শেষ আপডেট: 7 December 2023 19:38
দ্য ওয়াল ব্যুরো: শারীরিকভাবে অসুস্থ। জেল থেকে আদালত নিয়ে আসা-যাওয়ার ঝক্কিও অনেক। এসব কারণে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি জেল থেকে ভার্চুয়ালি আদালতের শুনানিতে হাজির করানো হত।
তবে এবার থেকে আর ভার্চুয়াল শুনানি নয়। আদালতে সশরীরে হাজিরা দেবেন পার্থ। বৃহস্পতিবার নিজেই বিচারককে জানিয়েছেন একথা। বিচারক প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন মঞ্জুর করেছেন। ফলে ২১ ডিসেম্বর আর ভার্চুয়াল শুনানি নয়, সশরীরে আদালতে যেতে পারবেন তিনি।
বৃহস্পতিবার ছিল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। জেল থেকেই ভার্চুয়াল শুনানিতে অংশ নেন পার্থ। জেলের ডিজিটাল স্ক্রিনে বিচারককে দেখতে পেয়েই তিনি বলে ওঠেন, “আমি এবার থেকে সশরীরে আদালতে হাজিরা দিতে চাই।” বিচারক জানতে চান, ফিজিক্যালি হাজিরার কথা বলছেন কিনা। ঘাড় নেড়ে সম্মতি জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী।
বিচারক আবারও তাকে প্রশ্ন করেন, “এই শারীরিক পরিস্থিতিতে আপনি কি আদৌ পারবেন আদালতে আসতে?” ফের সম্মতি জানান পার্থ। এরপরই বিচারক জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, পরবর্তী শুনানের দিন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আদালতে হাজির করতে হবে। ২১ ডিসেম্বর রয়েছে পরবর্তী শুনানি। ততদিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
ওয়াকিবহাল মহলের মতে, এক সময় সদা ব্যস্ত থাকতেন মন্ত্রীমশাই। গত বছরের ২২ জুলাই গভীর রাতে নিয়োগ দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে জেলের চৌহদ্দিতে কাটছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জীবন।
ওই মহলের মতে, চার দেওয়ালের ঘেরাটোপে সম্ভবত হাঁপিয়ে উঠেছেন প্রাক্তন এই ‘ভিপিআইপি’। তাই হয়তো শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও ভার্চুয়ালের পরিবর্তে সশরীরে আদালতে হাজিরা দিতে চাইছেন তিনি। আদালতে পৌঁছে পার্থ বিচারককে নতুন কিছু বলেন কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।