
শেষ আপডেট: 22 January 2023 08:12
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের (Shraddha Walker Murder Case) ঘটনায় তাঁরই প্রেমিক আফতাব পুনাওয়ালা (Aftab Poonawala)গ্রেফতারের প্রায় আড়াই মাস পরে আফতাবের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, ৩ হাজার পাতার খসড়া চার্জশিটে (Chargesheet) পুলিশ এই খুনের ঘটনার সঙ্গে জড়িত একাধিক প্রমাণ, তথ্য ও সাক্ষীদের বয়ানের কথা উল্লেখ করেছে।
কী আছে চার্জশিটে?
পুলিশ সূত্রে খবর, শ্রদ্ধার খুনের ঘটনা নিয়ে তাঁর আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধু-বান্ধব, এমনকী প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনই ১০০ জনের বেশি সাক্ষীর বয়ান রয়েছে এই চার্জশিটে। শুধু তাই নয়, এই হত্যা নিয়ে আফতাবের স্বীকারোক্তিও রয়েছে। পাশাপাশি থাকছে আফতাবের নার্কো টেস্ট ও ফরেনসিক রিপোর্টও।
শ্রদ্ধাকে খুন করে ৩৫ টুকরোয় কেটে আফতাব দিল্লির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ ওঠে। পুলিশ দিল্লির মেহরৌলির জঙ্গল থেকে কিছু দেহাংশ, হাড়, চুল উদ্ধার করে। সেগুলি শ্রদ্ধার কিনা তা নিশ্চিত হতেই ডিএনএ টেস্ট করায় পুলিশ। শ্রদ্ধার বাবার সঙ্গে ডিএনএ মিলে যেতেই পুলিশের নিশ্চিত হয়, উদ্ধার হওয়া দেহাংশ শ্রদ্ধারই। চার্জশিটে সেই ডিএনএ রিপোর্টের কথাও উল্লেখ করা হয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত, শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকারের অভিযোগের পরই এই হত্যার বিষয়টি সামনে আসে। পুলিশ তদন্তে নেমে এই হত্যাকাণ্ডকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করে। আফতাবকে গ্রেফতার করার পর কীভাবে শ্রদ্ধাকে সে খুন করেছে, সে ব্যাপারে ধারণা পায় পুলিশ। সময় যত এগিয়েছে এই হত্যা রহস্যের জট একে একে খুলেছেন তদন্তকারী অফিসাররা।
স্ত্রীর প্রেমিকের গলায় কোপ মেরে খুন, দেহ টুকরো টুকরো করে আস্তাকুঁড়ে ফেলে দিল স্বামী!