
শেষ আপডেট: 17 November 2022 12:30
দ্য ওয়াল ব্যুরো: শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় (Shraddha Walkar Murder Case) তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালাকে (Aftab Ameen Poonawala) আরও পাঁচদিন পুলিশ হেফাজতের (Police Custody) নির্দেশ দিল দিল্লি আদালত। এদিন আদালতে পুলিশ জানায়, তদন্তের স্বার্থে আরও কিছু জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আছে ২৮ বছরে আমিনকে।
এদিন বিকেলে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করানো হয় আমিনকে। সেখানেই এই খুনের তদন্তে প্রাপ্ত যাবতীয় তথ্য পেশ করে পুলিশ। এখনও পর্যন্ত বেশকিছু তথ্য আসেনি পুলিশের হাতে। এমনকী শ্রদ্ধার কাটা মাথা ও যে অস্ত্র দিয়ে দেহ টুকরো করা হয়েছে তা খুঁজে পায়নি পুলিশ।
পুলিশ এও জানিয়েছে, অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে আফতাব। কিছু বিভ্রান্তিমূলক কথাও বলছে সে। তদন্তের স্বার্থে লাই-ডিটেক্টর টেস্ট করার অনুমতিও চায় পুলিশ। এদিন আদালত পুলিশের সেই আর্জি মেনে নেয়।
প্রসঙ্গত, গত মে মাসে নিজের লিভ-ইন সঙ্গী শ্রদ্ধাকে গলা টিপে খুন করে আফতাব। তারপর প্রমাণ লোপাটের জন্য ভয়ঙ্কর ছক কষে ফেলে। ৩৫ টুকরো করে দেহ ছড়িয়ে দেয় দিল্লির নানান প্রান্তে। তবে শ্রদ্ধার পরিবারের তরফে করা নিখোঁজ ডায়েরি পাওয়ার পরেই খোঁজ শুরু করে।
অবশেষে গোপন সূত্রে খবর পাওয়ার পর খুনের ছয় মাস পর আফতাবকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে পুলিশ জানতে পারে যে, সে শ্রদ্ধাকে খুন করেছে। বিভিন্ন জায়গা থেকে দেহের টুকরো উদ্ধার করে পুলিশ। কিন্তু এখনও কিছু রহস্য রয়েই গিয়েছে।