
ফাইল ছবি।
শেষ আপডেট: 22 January 2025 17:16
দ্য ওয়াল ব্যুরো: ভর দুপুরে গুলি চলল ব্যারাকপুরে। গুলিবিদ্ধ এক যুবক। খোদ ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসের অদূরে ঘটেছে এ ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে জনমানসে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রের খবর, গুলিবিদ্ধ যুবকের নাম মহম্মদ ইমদাদ। ঘটনার পর স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে স্থানীয় বি এন বসু হাসপাতলে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়া. দ্রুত তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
কে বা কারা, কী কারণে গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরই পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। খতিয়ে দেখা হচ্ছে, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ।
স্থানীয় সূত্রের খবর, ব্যারাকপুরের আবদালি বাজারের পাশেই রয়েছে বিদ্যুৎ দফতরের একটি পরিত্যক্ত বিল্ডিং। সেখানেই এদিন গুলি চালানোর ঘটনা ঘটে। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।
প্রাথমিক তদন্তে পুলিশের কর্তাদের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এই গুলি কাণ্ড। তবে ঘটনাস্থলের অদূরেই পুলিশ কমিশনারের অফিস। স্বভাবতই, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঘটনার পর পুলিশের কর্তাদের ঘেরাও করে বিক্ষোভও দেখান তাঁরা।