
শেষ আপডেট: 5 April 2024 18:21
দ্য ওয়াল ব্যুরো: গড়িয়ায় দিনে দুপুরে চলল গুলি। শুক্রবার জনবহুল এলাকার এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক মহিলার ব্যাগ ছিনতাইয়ে বাধা পেয়ে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
এদিন ঘটনাটি ঘটেছে গড়িয়ার মহামায়াতলা এলাকায়। পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুর ৩টে নাগাদ মহামায়াতলা দিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন স্থানীয় এক মহিলা। আচমকাই বাইক নিয়ে ৪ দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। মহিলার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে দুষ্কৃতীরা। আর তাতে বাধা দিতেই গুলি চালাতে চালাতে পালিয়ে যায় তারা।
এদিতে ততক্ষণে মহিলার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন রাউন্ড গুলি চলে। ঘটনাটিতে কেউ আহত হননি বলেই পুলিশ সূত্রের খবর। তবে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাটিতে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সূরজ শেখ। বজবজ এলাকার বাসিন্দা সূরজকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। এলাকায় চলছে তল্লাশি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কার্তুজের খোল। পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাই করতে গিয়ে বাধা পেয়ে বিপদ বুঝে পালিয়ে যেতেই দুষ্কৃতীরা গুলি চালায়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।