
শেষ আপডেট: 16 February 2023 12:15
দ্য ওয়াল ব্যুরো: এক মাস ধরে এক জোড়া জুতোর (Shoes Loss in Train) পিছনে হন্যে হয়ে ঘুরছিল জিআরপি (GRP), আরপিএফ (RPF) ও আইআরসিটিসি (IRCTC)। অবশেষে মিলল তার হদিস। এক মহিলা ডাক্তারের বাড়িতে পাওয়া গেল জুতোর খোঁজ!
ব্যাপারটা কী?
গত ৪ জানুয়ারি লখনও মেলে করে আসছিলেন ওড়িশার রেলের এক উচ্চপদস্থ কর্তার মেয়ে। সকালে ঘুম থেকে উঠে আচমকাই দেখেন তাঁর জুতো জোড়া নেই। কোথায় গেল জুতো? খোঁজ, খোঁজ, খোঁজ… চুরির কিনারা করতে তৎপর হয়ে ওঠে রেলের তিনটি এজেন্সিই। জুতো না পেলে চাকরি যেতে পারে, এই ভয়ই যেন তাড়া করতে থাকে তদন্তকারী অফিসারদের।
অবশেষে সেই জুতো মিলল বরেলির এক মহিলা ডাক্তারের বাড়ির থেকে! কীভাবে সেখানে পৌঁছে গেল জুতো? ওই ডাক্তারের কথায়, যেদিনের ঘটনা সেদিন ওই ট্রেনের কামরায় ছিলেন তিনি। ভোর তিনটের সময় ট্রেন এসে দাঁড়ায় বরেলিতে। তাড়াহুড়ো করে নামার চক্করে ভুল জুতো পায়ে দিয়েই স্টেশনে নেমে পড়েন তিনি। বাড়ি এসে খেয়াল করেন যে, তিনি অন্যের জুতো পরে চলে এসেছেন।
তদন্তকারী অফিসার মনোজ ত্যাগী সংবাদমাধ্যমে জানান, ওই মহিলা ডাক্তার তাঁদের কাছে জুতো ফিরিয়ে দিয়েছেন। চুরির কোনও প্রমাণ মেলেনি। তাই ওই মহিলার বিরুদ্ধে কোনও অভিযোগ রুজু করা হয়নি।
জুতো চুরির পরের দিনই সম্বলপুর জিআরপি-তে অভিযোগ করেন রেলের ঊর্ধ্বতন কর্তা বিনীত সিংয়ের মেয়ে মানবী সিং। বছর ২০-এর মানবীর অভিযোগ ছিল, ট্রেনের মধ্যেই তাঁর জুতো চুরি গেছে। সেই জুতো মূল্য ছিল ১০ হাজার টাকা। এই জুতো চুরির ঘটনায় তাঁর সহযাত্রীকে সন্দেহ হয় বলে জানান মানবীর।
ফুলেফেঁপে উঠছে এয়ার ইন্ডিয়া, ৪৭০টি এয়ারক্রাফ্ট, আরও ৩৭০টি বিমান কেনার চুক্তি পাকা