নবান্নের ছবি
শেষ আপডেট: 30 November 2024 18:09
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ছোট, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে আগ্রহীদের উৎসাহ দিতে বিশেষ পদক্ষেপ সরকারের। মূলত কর্মসংস্থানে জোর দিতে এবার দুয়ারে সরকারের আদলে রাজ্য সরকার শুরু করতে চলেছে ‘শিল্পের সমাধানে।’
শিল্প দফতর সূত্রে খবর, নতুন বছরের আগেই, ক্ষুদ্রশিল্পের প্রসারের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় পৌঁছবেন সরকারের প্রতিনিধিরা। ২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুর এলাকায় হবে বিশেষ শিবির। সেখানেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে ক্ষুদ্র, মাঝারি এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করা যাবে। একই সঙ্গে এই সমস্ত প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধানও মিলবে।
শিবিরের উদ্যোক্তা রাজ্যের ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প ও বস্ত্র দফতর। আগামী ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে প্রতিটি ব্লক ও পুর এলাকায় শিবির করে ১২ ধরনের পরিষেবা প্রদান করা হবে। ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকের পাশাপাশি জেলাশহরের পুর এলাকাতেও ছ'দিনের শিবির হবে। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এই কর্মসূচি নিয়ে একটি বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ক্ষুদ্রশিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে এবং সংশ্লিষ্ট অন্য দফতরের সচিবেরা। সেখানেই ২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার সিদ্ধান্ত হয়েছে।
২-৭ ডিসেম্বর লালগড় ও জামবনি ব্লক অফিসে, ৯-১৪ ডিসেম্বর বেলপাহাড়ি, নয়াগ্রাম, সাঁকরাইল ও গোপীবল্লভপুর-১ ব্লক অফিসে এবং ১৪-২০ ডিসেম্বর গোপীবল্লভপুর-২ ও ঝাড়গ্রাম ব্লক অফিসে শিবিরগুলি হবে। এ ছাড়াও ঝাড়গ্রাম শহরের শিবিরও ১৪-২০ ডিসেম্বর ঝাড়গ্রাম ব্লক অফিসে হবে। সোম থেকে শনিবার পর্যন্ত শিবিরের কাজ চলবে।
চলতি বছরের ডিসেম্বর মাসটিকে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগের মাস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যার প্রধান উদ্দেশ্য হল ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এছাড়া গ্রামীণ ও শহুরে হস্তশিল্প কারিগর ও শিল্পোদ্যোগীদের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য সবার কাছে পৌঁছনো এবং প্রকল্পের সুবিধা সম্পর্কে অবগত করা।
যে সব পরিষেবা মিলবে
সহজে ঋণের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প
কারিগর এবং বয়নশিল্পীদের মৃত্যুকালীন সুযোগ-সুবিধার জন্য আবেদন
কারিগরদের জন্য সহায়ক সরঞ্জামের আবেদন
স্ব উদ্যোগীদের সরকারি রেজিস্ট্রেশন
কারিগর ও বয়নশিল্পীদের সরকারি তালিকায় অন্তর্ভুক্তি
খাদি ও বয়নশিল্পীদের প্রকল্পের সুবিধা
যাঁদের প্যানকার্ড নেই তাঁদের সরকারি উদ্যোগেই প্যানকার্ড দেওয়া হবে
ইতিমধ্যে কৃষি দফতর, সংখ্যালঘু দফতর, অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরকে বিভিন্ন প্রকল্প সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়েছে। ব্লক স্তরে ও পুর শহরে ছ’দিন পরিষেবা মিলবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে কলকাতায় বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে আগ্রহীদের উৎসাহ দিতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সরকারের তরফে জানানো হয়েছে, বিগত বছরে রাজ্য জুড়ে ৯০ লক্ষ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প তৈরি হয়েছে। কর্মসংস্থান হয়েছে ১.৪ কোটিরও বেশি। এ ক্ষেত্রে মহিলা শিল্পোদ্যোগীদের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলা।
আগামী ফেব্রুয়ারিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা করার পরিকল্পনা রয়েছে। তার আগে কর্মসংস্থানে জোর দিতে এ বার দুয়ারে সরকারের আদলে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হচ্ছে ‘শিল্পের সমাধান’ শিবির।