
শেষ আপডেট: 3 June 2024 21:20
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট মিটে গেছে। মঙ্গলবার ভোটের ফলপ্রকাশ। তার আগে জামিন পেলেন সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান! সিবিআইয়ের করা মামলাগুলির মধ্যে একটিতে জামিন পেয়েছেন তিনি। তবে এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না।
বসিরহাট আদালত সোমবার শেখ শাহজাহানকে জামিন দিয়েছে। সূত্রের খবর, যে মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে সেই মামলায় ৯০ দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। বহিষ্কৃত এই তৃণমূল নেতা এবং তার অনুগামীদের বিরুদ্ধে জমি-ভেড়ি দখল, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে। শাহজাহান গ্রেফতার হওয়ার আগে তার দুই অনুগামী শিবু হাজরা এবং উত্তম সর্দার গ্রেফতার হন। সন্দেশখালির ওই ঘটনার প্রায় ৫৫ দিনের মাথায় অবশেষে শাহজাহান শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ। বর্তমানে তিনি জেলে আছে। এই একটি মামলায় জামিন পেয়ে আখেরে তার খুব লাভ হচ্ছে না।
শেখ শাহজাহান-সহ চারজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবারই কলকাতার সিবিআই আদালতে ইডির তরফে নতুন করে অতিরিক্ত চার্জশিট দাখিল করা হয়েছিল। এর আগে গত ২৭ মে আদালতে জমা দেওয়া চার্জশিটে তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছিল, জমি দখল এবং তোলাবাজি করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান। তবে এই সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে বলে তখনই জানিয়েছিলেন আধিকারিকরা।
পরবর্তী চার্জশিটে তদন্তকারী সংস্থা দাবি করে, শাহজাহান ও তাঁর সঙ্গীদের সাম্রাজ্যের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮৮.২০ কোটি টাকা!