
শেষ আপডেট: 11 March 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের তলব পেয়ে সোমবারই নিজাম প্যালেসে পৌঁছে গেলেন সন্দেশখালির তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা-সহ আরও বেশ কয়েকজন। রবিবার সিবিআই তাদের বাড়িতে নোটিস দেয়। দেখা করতে বলা হয়েছিল তাদের। এদিন নিজাম প্যালেসে ঢোকার মুখে জিয়াউদ্দিন জানান, সিবিআইকে সবরকমভাবে সহযোগিতা করবেন তিনি।
বরাবরই সন্দেশখালিতে শাহজাহানের ডান হাত হিসেবে পরিচিত জিয়াউদ্দিন। ইডি আধিকারিকদের উপর হামলার সময় তাঁর উপস্থিতি আগেই নজরে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির। সেদিন ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে বেশ জোরের সঙ্গেই ইডি আধিকারিকদের বাধা দিচ্ছেন তিনি, এমন ছবি দেখা গেছে। তারপর থেকেই আলোচনায় ছিলেন এই তৃণমূল নেতা।
৫ জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৮ প্রতিনিধি দল সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে আসেন। কিছু সময় অপেক্ষা করার পর শাহজাহানের বাড়ির মূল গেটের তালা ভাঙতে গেলে জনরোষের শিকার হন ইডি আধিকারিকরা। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি। নষ্ট করা হয় গুরুত্বপূর্ণ নথিপত্র। এমনকী মারধরও করা হয় ইডির আধিকারিকদের। এই ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যায় শাহজাহান। তার বিরুদ্ধে ন্যাজ্যাট থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার পায় সিবিআই।
ওইদিনের ঘটনার ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা-সহ বেশ কয়েকজনকে। ইডির উপর ওইদিনের হামলার ঘটনায় তাদের যে ইন্ধন ছিল তা স্পষ্ট হতেই জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকে পাঠানো হয়।