
শেষ আপডেট: 6 March 2024 11:55
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে শাহজাহানকে নিয়ে ধাক্কা খেল রাজ্য সরকার। তৃণমূলের বহিষ্কৃত নেতা শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশই জারি রাখল সুপ্রিম কোর্ট। সন্দেশখালি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার। বুধবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, ধৃত নেতাকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে।
বুধবার সকালে রাজ্য সরকারের পক্ষে অভিষেক মনু সিংভি প্রধান বিচারপতির এজলাসে শুনানির আবেদন জানান। কিন্তু তিনি ব্যস্ত থাকায় সেটা বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে ওঠে। সিংভি আর্জিতে বলেন, সন্দেশখালির শাহজাহানকে এখনও সিবিআইয়ের হাতে হস্তান্তর প্রক্রিয়া না হওয়ায় কেন্দ্রীয় এজেন্সি আদালত অবমাননার আর্জি জানানো হতে পারে। কিন্তু, সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, এটা নিয়ে রাজ্যের আদালতেই যেতে হবে। তা নিয়ে সুপ্রিম কোর্ট মাথা ঘামাবে না। অর্থাৎ শাহজাহান নিয়ে হাইকোর্টে আবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
ইতিমধ্যেই শেখ শাহজাহান মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় আদালত অবমাননার আবেদন জানিয়ে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি মামলার অনুমতি দিয়েছেন। যেহেতু এদিন প্রধান বিচারপতি বসেননি, তাই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ইডি। আজই মামলার শুনানির সম্ভাবনা।