
আদালত চত্বরে মেয়ে আদর বাবা শাহজাহানের-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 7 May 2024 19:39
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আদালত চত্বরে মেয়েকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলেন শাহজাহান। তার পরেই প্রিজন ভ্যানে বাবার দিকে তাকিয়ে আট বছরের মেয়ে বলল, "আমার আব্বু নির্দোষ প্রমাণ হবে, ফের বাড়ি ফিরবে।" মঙ্গলবার শুনানি শেষে এমনই দৃশ্য দেখা গেল বসিরহাট আদালত চত্বরে।
গত ২৩ এপ্রিল বসিরহাটের কোর্ট চত্বরে দেখা গেছিল অন্য শাহজাহান শেখকে। তাঁর শরীরী ভাষায় ছিল না কোনও দাপট। সামনে স্ত্রীকে দেখে ও মেয়ের 'আব্বু' ডাকে আবেগঘন হয়ে পড়েছিলেন সন্দেশখালির 'বাঘ' শাহজাহান। প্রিজন ভ্যানের থেকে স্ত্রীর হাত ধরে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল তাঁকে।
মঙ্গলবার আকাশি শার্ট, কালো প্যান্টে অনেকটাই 'আত্মবিশ্বাসী' দেখাচ্ছিল শাহজাহানকে। জেলের উদ্দেশে রওয়ানা হওয়ার সময় কোর্ট লকআপ থেকে যখন তাঁকে বের করা হয়, সেই সময়ে মেয়েকে দেখে তাকে জড়িয়ে ধরে আদর করেন শেখ শাহাজাহান। পুলিশ ভ্যানে ওঠার পর পরিবারের সঙ্গে কথা বলতে বলতে তিনি বলেন, "সব সত্য সামনে আসবে, সত্যের জয় একদিন হবে।"
সেই সময়ে বাবার সঙ্গে তাল মিলিয়ে নাবালিকা মেয়েও বলে ওঠে, "আমার আব্বু ফের ফিরে আসবে। সত্য প্রমাণ হবে।" “সত্যের জয় হবে” বলতে শোনা যায় শাহজাহানের স্ত্রীকেও। তখন শাহাজাহান বলেন, "সবাই ভাল থেকো চিন্তা কোরো না, সত্যের জয় অবধারিত।"
আগামী ১০ তারিখ সন্দেশখালি নিয়ে ফের শুনানি রয়েছে। অভিযুক্ত শেখ শাহজাহান, শেখ আলমগীরকে ওই দিন ফের আদালতে তোলা হবে।