
শেষ আপডেট: 6 January 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ড নাটকীয় মোড় নিল। সরবেড়িয়ায় তাঁর বাড়ি ছেড়ে তৃণমূল নেতা শাহজাহান শেখ শুক্রবার সকালেই পালিয়েছেন। ৩৬ ঘণ্টা পর শনিবার বিকেলে গোপন ডেরা থেকে এক অডিও টেপ সন্দেশখালিতে তাঁর অনুগামীদের উদ্দেশে পাঠালেন তিনি। যে অডিও বার্তার সুর ও কথা যেন মহারাজকীয়। মৃত্যু একদিন হবেই, তা হলে এখন থেকে ভয় পেও না, ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে... ইত্যাদি ইত্যাদি।
বিরোধীদের অভিযোগ শাহজাহান শেখ ছিলেন এলাকায় ত্রাস! শুক্রবার শাহজাহান উধাও হওয়ার পর থেকে তাঁর সম্পর্কে বেতাজ বাদশা, সুলতান, সম্রাট—নানারকম বিশেষণ ব্যবহার করা হচ্ছে সংবাদমাধ্যমে। অনেকের মতে, ইডির ভয়ে এলাকা ছাড়া হলেও দখলদারি টিকিয়ে রাখতেই শাহজাহানের এই অডিও। বার্তাটা হল, আমি আছি। গা ঢাকা দিয়ে থাকলেও আমি আছি।
এহেন শাহজাহানকে খোঁজার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যে লুক আউট নোটিস জারি করেছে। ইডির গোয়েন্দারা এও সন্দেহ করছেন যে শাহজাহান বাংলাদেশ বা মায়ানমারে পালিয়ে যেতে পারেন বা পালানোর চেষ্টা করতে পারেন। সেই কারণেই এই লুক আউট জারি করা হয়েছে।
ঘটনা হল, এর পর শাহজাহান আত্মসমর্পণ করলেও তাঁর গ্রেফতারি অনিবার্য হয়ে উঠতে পারে। একে তো তিনি পলাতক। দ্বিতীয়ত, তাঁর বাড়িতে তদন্ত ও তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডির তিন অফিসার। যাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হচ্ছে।
শাহজাহানের যে অডিও টেপ এদিন পাওয়া গিয়েছে তা অবশ্য দ্য ওয়াল যাচাই করে দেখেনি। তবে দেখা গিয়েছে সেই অডিও টেপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করেছেন। শুভেন্দু টুইটে শাহজাহানের নাম লেখেননি। তবে লিখেছেন, এই বাঘের অবস্থাও বীরভূমের বাঘের মতই হতে চলেছে।
এই 'বাঘের' অবস্থাও "বীরভূমের বাঘের" মতোই হতে চলেছে:- pic.twitter.com/GBJr5KTMzW
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 6, 2024