
শেষ আপডেট: 6 May 2023 13:19
দ্য ওয়াল ব্যুরো: দেশে বিরোধীদের তীব্র নিন্দামন্দ শুনেই দিন কাটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিশেষ করে জাতীয় সংসদের নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিরোধীরা তাঁর পদত্যাগের দাবিতে সরব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করার দাবিতে কুরবানির ইদের আগেই নতুন করে পথে নামতে চলেছে বিরোধীরা। এমন আবহে লন্ডন (London) সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী (British Prime Minister) সুনকের তুমুল প্রশংসা কুড়োলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Sheikh Hasina was highly praised)।
ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সংবাদমাধ্যমকে জানান, হাসিনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী (Rishi Sunak) বলেছেন, ‘আমি আপনাকে অনেক বছর ধরে অনুসরণ করছি। আপনি একজন সফল অর্থনৈতিক নেতা।’
লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ১৩০টি দেশের রাষ্ট্র প্রধানরা এখন লন্ডনে রয়েছেন। সেই তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও।
হাসিনা লন্ডনে যাওয়ার আগে ওয়াশিংটনে যান। সেখানে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে বাংলাদেশের পঞ্চাশ বছরের সম্পর্ক উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। বিশ্ব ব্যাঙ্কের অধিকর্তা ডেভিড মালপাস সেই অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রগতি এবং তাতে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। বলেন, উন্নয়নে বাংলাদেশ একটি মডেল।
আগামী নির্বাচনে পদ্মা সেতু হাসিনা এবং তাঁর দল আওয়ামী লিগের মস্ত বড় অস্ত্র। সেই সেতু নির্মাণে বিশ্বব্যাঙ্ক দুর্নীতির অভিযোগ তুলে মাঝপথে সরে গিয়েছিল। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। অন্যদিকে, নিজের টাকায় পদ্মা সেতু করে ফেলেছে হাসিনা সরকার। মাস কয়েকের মধ্যে ওই সেতু দিয়ে রেল চলাচল করবে। ইতিমধ্যে ঢাকায় চালু হয়েছে মেট্রো রেল। চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে তৈরি হচ্ছে আন্ডারপাশ। কলকাতার ইস্ট-ওয়েস্টে মেট্রো রেল প্রকল্পে গঙ্গার নিচে তৈরি টানেলের মতোই খরস্রোতা কর্ণফুলির নিচ দিয়ে গাড়ি চলাচলের রাস্তা তৈরির কাজ সমাপ্তির পথে।
বাংলাদেশ সরকার ও শাসক দল মনে করছে, উন্নয়নকে হাতিয়ার করে আগামী ভোট বৈতরণী পেরিয়ে যাওয়া যাবে। বিগত ইদে হাসিনা দেশবাসীর কাছে আরও একবার সুযোগ চেয়েছেন যাতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে পারেন।
যদিও বিরোধীরা ইস্যু বদলে দিতে বদ্ধপরিকর। গুমখুন-সহ মানবাধিকার হরণের একাধিক অভিযোগ তুলে তারা ভোটের আগেই সরকার পতনের দাবিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে তৈরি হচ্ছে। বুদ্ধপূর্ণিমার দিনে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা বিএনপির কার্যনির্বাহী সভাপতি তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। বলেছেন, ‘এবার সরকার বদল না করে আমরা রাস্তায় থাকব।’ তবে দলের নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক দেশে না থাকায় বিএনপি অনেকটাই ছন্নছাড়া। তারমধ্যেও বিরোধীদের সংঘবদ্ধ হওয়ার চেষ্টার মাঝে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বিশ্ব ব্যাঙ্কের প্রধানের প্রশংসা এই সফরে হাসিনার বাড়তি প্রাপ্তি বলে মনে করছে তাঁর দল।
লন্ডনে সুনকের সঙ্গে হাসিনার বৈঠকটি হয় কমনওয়েথ সেক্রেটারিয়েটের সভা কক্ষে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য দেশ। বাংলাদেশের হাই কমিশনার জানান, হাসিনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমার দুই মেয়ে এবং স্ত্রী আপনার বড় ভক্ত। তারা চায় আমি আপনার মতো নেতা হই। আপনি আমার দুই মেয়ের জন্য মহান অনুপ্রেরণা।’
সুনক জন্ম সূত্রে এশিয়। আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ টেনে তাঁকে বলেন, ‘এশিয় ঐতিহ্য থেকে আপনি এত অল্প সময়ে প্রধানমন্ত্রী হয়েছেন। এটা আমার ভাল লাগছে।’ ঢাকার সরকারি সূত্রে জানানো হয়েছে, আলোচনায় দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের।
নোবেলের প্রাক্তন স্ত্রীকে খুনের হুমকি! বাংলাদেশের মাদক ব্যবসা নিয়ে ফেসবুক পোস্টের জের