
শেষ আপডেট: 27 November 2022 06:49
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে ঘরোয়া রাজনীতিতে বিগত দু’মাস যাবৎ সক্রিয় হয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দেশের নানা প্রান্তে সভা করে তারা অভিযোগ করছে, শেখ হাসিনার (Sheikh Hasina) সময়ে হওয়া জাতীয় সংসদের তিনটি নির্বাচনেই কারচুপি হয়েছে। আগামী নির্বাচনের আগে বর্তমান সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।
বিরোধী দলের লাগাতার এই নিন্দা প্রচারের মুখে এবার প্রত্যাঘাত করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh PM) তথা শাসক দলের নেত্রী শেখ হাসিনা। ঢাকায় এক জনসভায় হাসিনা বলেন, ‘দেশে বহুদলীয় গণতন্ত্র রয়েছে। নির্বাচন কমিশন আছে। যাদের ইচ্ছা নির্বাচন করবে। আর নির্বাচন করার মতো শক্তি যদি কারও না থাকে, তারা করবে না। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচন করবে, তারা ভোট দেবে।’
বিরোধী দলের দাবি নস্যাৎ করে হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ ভোট চুরি মেনে নেয় না। ১৯৯৬-এর নির্বাচনে খালেদা জিয়াই ভোট চুরি করেছিলেন। বাংলাদেশের জনগণ আন্দোলন করে মাত্র দেড় মাসের মাথায়, ৩০ মার্চ তাঁকে টেনে ক্ষমতা থেকে নামায়। ভোট চুরির অপরাধে খালেদা জিয়া (Khaleda Zia) পদত্যাগে বাধ্য হন। কাজেই এই ভোট চোরেরাই ভোট চুরি করতে জানে।’
শুধু বিরোধী দলগুলিই নয়, হালে ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতরাও হাসিনার জমানার অতীতের ভোট নিয়ে অস্বস্তিকর মন্তব্য করেছেন। তাঁদের মধ্যে জাপানের রাষ্ট্রদূতের বক্তব্য নিয়ে ঘরোয়া রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, 'আমি শুনেছি, এখানে আগের রাতে পুলিশ ভোট দিয়ে দেয়। আশা করি এর পর আর হবে না।'
বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যে বেজায় চটেছে বাংলাদেশ সরকার। গতকাল পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন হুঁশিয়ারি দিয়েছেন, অচিরেই রাষ্ট্রদূতদের তাঁদের ভূমিকা স্মরণ করিয়ে দেওয়া হবে।
এদিকে, শাসক ও প্রধান বিরোধী দলের চলতি বিবাদ ঘিরে ঘরোয়া রাজনীতিতে অস্থিরতা থামাতে বিভিন্ন মহল থেকে আলোচনায় বসার পরামর্শ দেওয়া হচ্ছিল। শনিবারের সভায় হাসিনা স্পষ্ট করে দেন, আগামী সাধারণ নির্বাচনের আগে কোনও রকম আলোচনায় সরকার রাজি নয়। তিনি ফের বলেন, ‘দেশে বহুদলীয় গণতন্ত্র এবং নির্বাচন কমিশন রয়েছে। কোনও দল নির্বাচনে অংশ নিতে চাইলে তারা পারবে।
শেখ হাসিনা বলেন, ‘অনেকেই বলেন ডায়ালগ করতে হবে, আলোচনা করতে হবে। কাদের সঙ্গে আলোচনা? বিএনপি, খালেদা জিয়া, তারেক জিয়া- সাজাপ্রাপ্ত আসামী, যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে, তাদের সঙ্গে?’
ফের বিতর্কে মহারাষ্ট্রের রাজ্যপাল, জুতো পায়ে ২৬/১১ শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন কোশিয়ারির