
শেষ আপডেট: 5 May 2019 15:53
দ্য ওয়াল ব্যুরো: "শরীর সুস্থ না থাকলে তো খিচুড়িই পথ্য হয়!"-- বিরোধী জোটের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটাক্ষের পাল্টা জবাব দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর দাবি, বিজেপি শাসনের কারণে রোগে-অসুখে জর্জরিত দেশকে সঠিক উপায়ে নিরাময় করতে পারে একমাত্র জোট সরকারই।
রবিবার সংবাদমাধঅযমকে দেওয়া সাক্ষাৎকারে শশী থারুর বলেন, "বিজেপি সমর্থকেরা যখন মহাভেজাল সরকারের কথা বলেন, অথবা তার বিপরীতে একটি জোট সরকারকে 'খিচুড়ি' সরকার হওয়ার অভিযোগ করেন, তখন আমি বলি, তুমি অসুস্থ হলে তো তখন তোমাকে খিচুড়িই খেতে দেওয়া হয়। সেটাই তো তোমার অসুখের পথ্য।"
সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, "মে মাসের ২৩ তারিখেই বিজেপিকে প্রস্থানের পথ দেখিয়ে দেশ তার রাজনৈতিক অসুস্থতা থেকে সেরে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস।" উল্লেখ্য, সম্প্রতি কোডার্মায় একচি নির্বাচনী সভায় বিরোধী জোটকে 'মহাভেজাল অভিযান' বলে কটাক্ষ করে মোদী বলেন, "বিরোধীরা কেন্দ্রে 'খিচুড়ি' সরকার গড়ার চেষ্টা করছেন, যার লাগাম থাকবে কংগ্রেসের হাতে।" এর আগেও অবশ্য বিজেপিকে হঠাতে জাতীয় স্তরে জোট গড়ার চেষ্টাকে কড়া আক্রমণ করেছে গেরুয়া শিবির।
রবিবারের সাক্ষাৎকারে শশী থারুর আরও জানান, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটই সরকার হিসেবে ক্ষমতায় আসবে। তাঁর কথায়, "নরেন্দ্র মোদী ও তাঁর দল স্পষ্ট ভাবেই মিথ্যা প্রতিশ্রুতি এবং বাকসর্বস্ব রাজনীতির খেলায় নেমেছেন। নিজেদের শাসনকালে চরম ধ্বংসাত্মক নজির গড়ার পরেও একই রাস্তায় তাঁরা হাঁটছেন, কারণ এ ছাড়া ওঁদের কিছু দেওয়ার নেই।"
চলতি লোকসভা নির্বাচনে তিরুঅনন্তপুরম থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে তৃতীয় বার লড়ছেন শশী থারুর। আগামী ২৩ এপ্রিল ওই কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে জোরকদমে চলছে প্রচার অভিযান।