দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়া ধর্ষণ কাণ্ডে দোষীদের সাজা কী হবে তা নিয়ে যখন দেশ সরগরম, ঠিক তখনই বিস্ফোরক তথ্য সামনে আনলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। টুইটে তিনি দাবি করেছেন, দিল্লি পুলিশের রেকর্ড অনুযায়ী চলতি বছরের নভেম্বরের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত ৭০টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। টুইটে দিল্লি কংগ্রেসের অন্যতম মুখাপাত্র ক্ষোভের সঙ্গে লিখেছেন, “দিল্লির সাংসদরা কি এই নিয়ে সংসদে সরব হবেন?”
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্য নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। সংসদে রাহুলের বিরুদ্ধে সরব হয়েছেন স্মৃতি ইরানি, লকেট চট্টোপাধ্যায়রা। অনেকের মতে, রাহুল গান্ধীকে সমর্থন করতেই এই টুইট করেছেন শর্মিষ্ঠা।
অনেকের মতে, যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটে, তার অধিকাংশটাই পুলিশের কাছ পর্যন্ত যায় না। কারণ লোকলজ্জার ভয়ে অনেকেই তা চেপে যান। কিন্তু শর্মিষ্ঠার দাবি অনুযায়ী নভেম্বরের প্রথম ১৫ দিনে দিল্লিতে ধর্ষণের যে তথ্য উঠে এসেছে, তা এক কথায় বিপজ্জনক। প্রাক্তন রাষ্ট্রপতির মেয়ে লিখেছেন, গড়ে প্রতিদিন প্রায় পাঁচটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে।
দিল্লিতে আইনশৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। এদিন টুইটে সেটাকেই নিশানা করতে চেয়েছেন শর্মিষ্ঠা। টুইটে তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি মেনশন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও।
তেলেঙ্গানা, উন্নাও, ভোপাল, দ্বারভাঙার ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছে দেশ। মাস তিনেক আগেই একটি সমীক্ষায় জানা গিয়েছিল, ২০১৪-১৯ পর্যন্ত এই পাঁচ বছরে প্রতিবছর দেশে ধর্ষোণ ও মহিলাদের উপর আক্রমণের ঘটনা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সার্বিক ভাবে প্রশ্ন উঠে গিয়েছে এ দেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে। এমনকী দিল্লির বিজেপি সাংসদ তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর সম্প্রতি মন্তব্য করেন, সূর্য ডুবলেই আমাদের দেশের মেয়েরা আর নিরাপদ থাকছেন না। এটা লজ্জার।” এর মধ্যেই রাজধানীতে ধর্ষণের যে তথ্য সামনে এনেছেন শর্মিষ্ঠা তা অত্যন্ত উদ্বেগের বলেই মনে করছেন অনেকে। পর্যবেক্ষকদের মতে, এই চিত্র যদি রাজধানীর হয় তাহলে প্রত্যন্ত এলাকায় কী পরিস্থিতি তা সহজেই ঠাওর করা যাচ্ছে।