
শেষ আপডেট: 22 November 2023 12:09
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করল শান্তিনিকেতন থানার পুলিশ। বুধবার সকালে তাঁর বাসভবনে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে ছ’টি মামলা রয়েছে শান্তিনিকেতন থানায়। এই নিয়ে দ্বিতীয়বার জেরার মুখোমুখি হলেন তিনি।
বিশ্বভারতীয় উপাচার্য পদে বিদ্যুৎবাবুর মেয়াদ শেষ হতেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। কিন্তু হাইকোর্ট থেকে রক্ষাকবচ নেওয়ায় আপাতত কিছুটা স্বস্তিতে তিনি। বিদ্যুৎবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে নির্ধারিত সময় বেঁধে দিচ্ছে কোর্ট। ওই সময়ের মধ্যেই জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে তাঁকে। এমনকী তাঁর বাসভবনে গিয়েই গিয়ে এই জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে পুলিশকে।
ফলক কাণ্ড-সহ আরও পাঁচটি মামলার জিজ্ঞাসাবাদ করতে গত সোমবার বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। ভিডিওগ্রাফি করে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রাক্তন উপাচার্যকে। প্রশ্নোত্তর পর্বের পুরোটাই ভিডিও রেকর্ডিং করা হয়। লিখিত আকারেও নেওয়া হয় তা। পরে তাতে সই করানো হয় প্রাক্তন উপাচার্যকে দিয়ে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকাকালীন বারবার নানা বিতর্কে জড়িয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। কখনও তাঁর বক্তব্যে বিতর্ক হয়েছে। কখনও কোনও কাজ নিয়ে শাসক দল ও রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। এরই মাঝে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে তাঁর মেয়াদ শেষ হয়। কলা ভবনের অধ্যক্ষ সঞ্জয়কুমার মল্লিককে বিশ্বভারতীর অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য পদের মেয়াদ শেষের পরেই ১৪ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীকে শান্তিনিকেতন থানায় হাজিরার নোটিস দেয়। তিনি হাজিরা না দেওয়ায় গত সোমবার প্রথমবার তাঁর বাড়িতে যায় শান্তিনিকেতন থানার পুলিশ।