দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকার শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি বেসরকারিকরণ করে দিতে চাইছে, বৃহস্পতিবার এমনই অভিযোগ করল বঙ্গ বিজেপি। পাশাপাশি, রাজ্য সরকারের শিক্ষাব্যবস্থায় 'পিপিপি' মডেলের ভাবনা প্রকান্তরে কিছু মানুষকে জমি পাইয়ে দেওয়ার প্রচেষ্টা বলেও অভিযোগ।
এদিন সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'অনেকেই স্কুলের জন্য জমি দিয়েছে সরকারকে। এবার সেইসব জমিই বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি বেসরকারিকরণ করতে চাইছে রাজ্য সরকার।' তিনি আরও বলেন, 'শুধু তাই নয়, এভাবে পিছনের দরজা দিয়ে কিছু মানুষকে জমি পাইয়ে দেওয়ার প্রচেষ্টা।'
প্রসঙ্গত, সরকারি এবং সরকারের আর্থিক সাহায্য প্রাপ্ত স্কুল বেসরকারি সংস্থার হাতে দেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে নবান্ন এবং বিকাশ ভবনে। তবে পুরোপুরি বেসরকারি হাতে না দিয়ে আপাতত যৌথ উদ্যোগের পথে হাঁটার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকারি শিক্ষামহল। এ জন্য একটি নীতি তৈরির জন্য সংশ্লিষ্ট মহলের মতামত চাওয়া হয়েছে।
এমন খবর প্রকাশ হতেই বিভিন্ন মহল থেকে আপত্তি উঠতে শুরু করে। এমনকি এই সংক্রান্ত একটি স্বাক্ষর বিহীন বিজ্ঞপ্তিও ঘুরতে থাকে। তবে শিক্ষা দফতর এই বিজ্ঞপ্তি ভিত্তিহীন বলে জানায়।
এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, 'রাজ্য সরকার এই বিজ্ঞপ্তিকে ভুয়ো বলে কিছুটা মুখরক্ষা করেছে বটে তবে এটা রাজ্য সরকারের পরিকল্পনা ছিল। তবে এই মুহূর্তে এটা বাস্তবায়ন না হলেও এটা বন্ধ হয়ে যাইনি। যেকোন দিন ভবিষ্যতে এই পরিকল্পনা সামনে আসতে পারে।'