দ্য ওয়াল ব্যুরো : শুক্রবারই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশীয় সংস্থাগুলির জন্য কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিয়েছেন অনেকখানি। এরপরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করলেন, সরকারের ব্যয় যেভাবে বাড়ছে, আশা করা যায় চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি-র বৃদ্ধির হার আগের চেয়ে ভালো হবে।
মুম্বইয়ে এদিন একটি অনুষ্ঠানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে সরকারের ব্যয় ছিল খুবই কম। ওই সময় নির্বাচন ছিল। এর ফলে বিকাশের হার কমেছে। সরকার কী পরিমাণে ব্যয় করছে, মোট জাতীয় উৎপাদনের ওপরে তার প্রভাব পড়ে।
এরপর নির্দিষ্ট তথ্য দিয়ে শক্তিকান্ত দাস বলেন, প্রথম ত্রৈমাসিকে রিজার্ভ ব্যাঙ্ক ভেবেছিল ৫.৮ শতাংশ হারে জিডিপি বাড়বে। বিভিন্ন সমীক্ষাতেও বলা হয়েছিল, মোট জাতীয় উৎপাদনের বিকাশ হবে ৫.৫ থেকে ৫.৮ শতাংশ। কিন্তু বাস্তবে দেখা গেল বিকাশ হয়েছে আরও কম হারে। যখন দেখলাম বিকাশের হার মাত্র পাঁচ শতাংশ, আমরা অবাক হয়ে গিয়েছিলাম।
রিজার্ভ ব্যাঙ্কের রেট কমানো সম্পর্কে শক্তিকান্ত দাস বলেন, তা নির্ভর করছে পরিস্থিতির ওপরে। পরে তিনি বলেন, উন্নত দেশগুলি যেভাবে রেট কমাতে পারে, আমরা অতটা পারি না। গত ফেব্রুয়ারি মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক চার দফায় রেপো রেট কমিয়েছে। নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলি গত এক বছর ধরে কাঁচা টাকার সংকটে ভুগছে। শক্তিকান্ত দাস বলেন, আমরা প্রথম সারির ৫০ টি নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানির ওপরে নজর রাখছি।
এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন, দেশীয় সংস্থাগুলির জন্য কর্পোরেট ট্যাক্স ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫.২ শতাংশ করা হল। এর ফলে হু হু করে বেড়েছে শেয়ার সূচক। সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছে বিভিন্ন দেশীয় কর্পোরেট সংস্থা। এর মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন, এত কর ছাড় দিলে আর্থিক ঘাটতি নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা যাবে কীভাবে। নির্মলা সীতারমনও জানিয়েছেন, করছাড় দেওয়ার ফলে চলতি আর্থিক বছরে রাজস্ব ১.৪৫ লক্ষ কোটি টাকা কম আদায় হবে।