
শেষ আপডেট: 7 July 2023 18:06
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেটের অভিন্নহৃদয় বন্ধু বলতে বোঝাত শাকিব আল হাসান ও তামিম ইকবালের জুটি। মাঠ ও মাঠের বাইরে তাঁদের সম্পর্ক নিয়ে নানা মিথ চালু ছিল।
একটা সময় দুই প্রিয় বন্ধুর ভাঙন নিয়েও বাংলাদেশ মিডিয়া বহু কথা লিখেছে। বলা হয়েছিল, শাকিব ও তামিম নিজেদের এড়িয়ে চলছেন। তাঁদের একসঙ্গে আর দেখা যাচ্ছে না। এমনকী ম্যাচ চলার সময়ও দু’জনের মধ্যে কথা বলতে দেখা যায় না।
বৃহস্পতিবার তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে বর্তমান ও প্রাক্তন সতীর্থরা সবাই তাঁর হয়ে কলম ধরেছিলেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন মাশরাফি বিন মোর্তাজা, থেকে শুরু করে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদও। এমনকী লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজরাও তামিম নিয়ে নানা কথা লিখেছিলেন।
যদিও শাকিবের আবেগঘন পোস্টের পরেই সকলের টনক নড়েছে। মনে করা হচ্ছে শাকিবের ওই লেখাই বন্ধু তামিমকে আবারও অবসর ভেঙে মাঠে আসার মঞ্চ গড়ে দিয়েছে।
শাকিব লিখেছিলেন...
সেই ২০০৩ সালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের হয়ে আমাদের একসঙ্গে প্রথম পথ চলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলো এক সঙ্গে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।
আরও অনেকের মতো আমরাও বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার উদ্যম এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।
আমাদের একই লক্ষ্য ছিল, দেশের জন্য জয়, এই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের ওপর বিশ্বাস রেখেছি এবং শক্তির উপর নির্ভর করেছি।
তোমার রান এবং রেকর্ডগুলোই তোমার পক্ষে কথা বলবে। আমরা, সতীর্থ হিসাবে অত্যন্ত গর্বিত তুমি একজন খেলোয়াড় হিসাবে যা অর্জন করেছ।