দ্য ওয়াল ব্যুরো: সদ্য বিশ্বকাপ সেরা হয়েছেন ভারতীয় যুব দলের ক্রিকেটাররা। তাঁরা আইপিএল নিলামে ডাক পাবেন, সেটি ভাবা গিয়েছিল। কিন্তু দেখা গিয়েছে, দলের যুব তারকাদের কয়েকজনকে বাদ দিয়েই হবে নিলাম পর্ব। এই নিয়ে বোর্ডের অন্দরমহলে নানা কথা শোনা যাচ্ছে। বলা হচ্ছে, বিসিসিআই-কে নিয়মের বিষয়ে ছাড় দেওয়া উচিত।
ভারতীয় দলে এমনকিছু ক্রিকেটার রয়েছেন, যাঁদের বয়স ১৯ পেরিয়ে গিয়েছে। তাঁদের নিলামে ডাকা যেতে পারে। আবার এমন কিছু ক্রিকেটার আছেন, যাঁরা ১৯-র গণ্ডি পেরোয়নি। সেই জন্যই তাদের নিলামে ডাকা হচ্ছে না।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের যশ ধুল, হরনূর সিং, ভিকি অস্টোওয়াল, রাজ বাওয়া, রাজবর্ধন হাঙ্গার্গেকর, বাসু বত্স, অন্নেশ্বর গৌতম, কৌশল তাম্বেরা অংশ নেবেন আইপিএলের মেগা নিলামে। তবে শেখ রশিদ, রবি কুমার, দীনেশ বানা, নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, অংকৃষ রঘুবংশী, মানব পরখ, গর্ব সাঙ্গওয়ানরা নিলামে অংশ নিতে পারবেন না।
বোর্ডের নিয়মে রয়েছে, ওই ক্রিকেটারকে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে হবে। বয়সও হতে হবে ১৯-র বেশি। এই নিয়ে বোর্ডের শীর্ষ কর্তা রত্নাকর শেঠী বলেছেন, এমনিতেই করোনার কারণে ঘরোয়া ম্যাচ হতে পারিনি। তাই এবার এই নিয়মের বিষয়ে ছাড় দিলে ভাল হতো। কারণ দলের বহু ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ ছিল না।
যদিও বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সেরকম হলে নিলামে ডেকে সেই ক্রিকেটারদের ড্রেসিংরুমে গ্রুমি করা যেতে পারে। আবার অনেকের ধারণা, এই বয়সেই যদি কোটি টাকা হাতে পড়ে, তাতে মাথা ঘুরে যেতে পারে যুব ক্রিকেটারদের। এর আগেও দেখা গিয়েছে, আইপিএল নিলামে ডাক পেয়ে সেই ক্রিকেটার আর ঘরোয়া ক্রিকেই খেলেননি। তাই বোর্ড কর্তারা যুব ক্রিকেটারদের নিয়ে আরও সতর্ক হয়ে পা ফেলতে চাইছেন।