'সব সাজানো! এক মাস আগেই শাহরুখকে নিশানা করেছিল এনসিবি', দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের (shahrukh khan) ছেলে আরিয়ানকে মাদক-কাণ্ডে গ্রেফতার করার পেছনে হাত রয়েছে বিজেপি-র। এমনটাই দাবি করলেন এনসিপি-র মুখপাত্র তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তিনি জানিয়েছেন, এনসিবি-র আসল টার্গেট ছিলেন শাহরুখ খান।
শেষ আপডেট: 7 October 2021 07:58
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের (shahrukh khan) ছেলে আরিয়ানকে মাদক-কাণ্ডে গ্রেফতার করার পেছনে হাত রয়েছে বিজেপি-র। এমনটাই দাবি করলেন এনসিপি-র মুখপাত্র তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তিনি জানিয়েছেন, এনসিবি-র আসল টার্গেট ছিলেন শাহরুখ খান। এই বিষয়টি একমাস আগেই জানা গেছিল বলে দবি নবাব মালিকের।
এদিকে আজই শুনানি হবে আরিয়ান খান মাদক মামলার। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের কারণে আরও কয়েকদিন আরিয়ানকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে এনসিবি। আবার আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডেও আদালতে তাঁর মক্কেলের জামিনের আবেদন করবেন। আদালতের রায় কী হবে, সেদিকে চেয়ে রয়েছে বি-টাউন।
এসবের মাঝেই নবাব বলে বসেছেন, "পুরো ঘটনাটাই সাজানো। মহারাষ্ট্র সরকারকে প্যাঁচে ফেলতেই এনসিবি-কে দিয়ে এই কাজ করাচ্ছে বিজেপি।" নবাবের এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে এনসিবি। জানিয়েছে, এনসিপি চাইলে আদালতে যেতেই পারে। সমস্ত নিয়মকানুন মেনে, প্রমাণের ভিত্তিতেই তদন্ত করা হচ্ছে।
তবে নবাবের এই দাবিটিই প্রথম নয়। গত শনিবার আরিয়ানকে রেভ পার্টি থেকে গ্রেফতার করার পরেই কংগ্রেস দাবি করেছিল, সম্প্রতি গুজরাতের মুন্দ্রা বন্দরে ৩০০০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে এনআইএ। আদানি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ওই বন্দরের হেরোইন নিয়ে তদন্ত শুরু হতে না হতেই, তা থেকে সকলের চোখ সরাতে আচমকা প্রমোদতরী অভিযান করে এনসিবি। সেখান থেকেই আরিয়ানকে গ্রেফতার করা হয়, যাতে সবাই আসল হেরোইন মামলাটি ভুলে যায়।
নবাব মালিক জানিয়েছেন, শাহরুখ খানকে যে পরবর্তী নিশানা করা হবে, সে নিয়ে অন্তত এক মাস আগে সাংবাদিকদের কাছে খবর এসেছিল। সেই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, সেদিন প্রমোদতরীতে আরিয়ানের সঙ্গে সেলফি তোলা যে ব্যক্তির ছবি সামনে এসেছে, তাঁর পরিচয় নিয়ে। মণীশ ভানুশালী নামের ওই ব্যক্তি আরিয়ানের পরিচিত কেউ নন আবার এনসিবি দলেরও কেউ নন। নবাবের দাবি, তিনি বিজেপির সঙ্গে যুক্ত। এমনকি অমিত শাহ ও নরেন্দ্র মোদীর সঙ্গে ওই মণীশের ছবিও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'