
শেষ আপডেট: 3 February 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো: ৩০ দিন ধরে তিনি নিখোঁজ। তন্নতন্ন করে খুঁজেও শেখ শাহজাহানের নাগাল পাচ্ছে না পুলিশ। হাইকোর্ট থেকে শুরু করে রাজ্যপাল, সন্দেশখালির তৃণমূল নেতার এই অন্তরালে থাকা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। শোনা গিয়েছে নানান বিরূপ মন্তব্যও। তবে এরই মধ্যে এবার শাহজাহানকে হাজিরা দেওয়.ার জন্য দ্বিতীয় নোটিস পাঠাল ইডি।
সূত্রের খবর, এদিন ই-মেলে সন্দেশখালির তৃণমূল নেতাকে নোটিস পাঠানো হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে গিয়ে নোটিস সাঁটিয়ে এসেছিলেন তদন্তকারীরা। ২৯ জানুয়ারি ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল। সূত্রের খবর, এবারেও হাজিরা এড়ালে আইনি পদক্ষেপ করা হতে পারে।
বুধবার আগাম জামিনের আর্জি নিয়ে বারাসত আদালতের দ্বারস্থ হন শাহজাহানের আইনজীবী। সেই আবেদন বারাসাত আদালতে গৃহীত হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট মামলার শুনানি হবে।
রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। কিন্তু সেখানে তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। গুরুতর আহত হন তিন ইডি অফিসার। আর এরপর থেকেই নিখোঁজ তৃণমূল নেতা।
কলকাতা হাইকোর্টেও এই সংক্রান্ত মামলা চলছে। যেখানে কয়েকদিন আগে ‘বেপাত্তা’ শাহজাহান আইনজীবীর মাধ্যমে মামলায় যুক্ত হতে চান। যদিও একদিন বাদেই সেই আর্জি তুলে নেন শাহজাহানের আইনজীবী। এরই মধ্যে গত ৩১ জানুয়ারি আগাম জামিন চেয়ে বারাসত আদালতে আবেদন জানিয়েছিলেন তৃণমূল নেতা। আর সেই প্রেক্ষিতেই আবেদনপত্রে শাহজাহান কীভাবে সই করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।