
শেষ আপডেট: 15 January 2024 15:05
দ্য ওয়াল ব্যুরো: গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে গিয়ে মার খেতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি ইডির অফিসারদের। তারপরে ১০ দিন অতিক্রান্ত । এখনও অধরা সন্দেশখালির বাদশা।
কেউ বলছেন সন্দেশখালিতেই রয়েছেন। কেউ বা বলছেন, তিনি জলপথে বাইরে পালিয়ে গিয়েছেন। এসবের মাঝেই শাহজাহান নিয়ে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
মকর সংক্রান্তি উপলক্ষে এদিন খেজুরির ভীমেশ্বরী মন্দিরে সেবা দান শিবিরে যোগ দিয়েছিলেন শুভেন্দু। সেখানে বিরোধী দলনেতার দাবি, "শাহজাহান এখন পুলিশের আশ্রয়েই রয়েছেন।"
শাহজাহানকে খোঁজার দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছাড়ার দাবিও তুলেছেন তিনি। শুভেন্দু বলেন, "জল-জঙ্গলে ঘেরা এলাকা। সন্দেশখালির ভৌগলিক পরিস্থিতি অন্যরকম। সেন্ট্রাল এজেন্সি, বিএসএফ, সিআরপিএফের সাহায্য নিয়ে তাঁদের পদ্ধতি অনুয়াযী তদন্ত হলে তবেই শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব। কারণ, রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করবে না। পুলিশের আশ্রয়েই রয়েছে শাহজাহান।"
শুভেন্দুর অভিযোগের বিষয়ে রাজ্য পুলিশের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে কয়েকদিন আগে সন্দেশখালি প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছিলেন, "যাঁরা আইন ভেঙেছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।" সন্দেশখালি কাণ্ডে ইতিমধ্যে চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
প্রসঙ্গত. সোমবার আইনজীবী মারফৎ মামলায় যুক্ত হতে চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন শাহজাহান। শুনানি পর্বে বিচারপতি শাহজাহানের আইনজীবীর কাছে জানতে চান, 'আত্মসমর্পণ করছেন না কেন?'' ওই মামলায় এদিন পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি জয় সেনগুপ্ত।