দ্য ওয়াল ব্যুরো: জেল কিংবা সংশোধনাগার থেকে বাড়ি ফেরার পরে একেবারেই অন্তরালে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান। ফের প্রকাশ্যে এলেন কিং খান পুত্র। শনিবার বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম মঞ্চে কেকেআর টেবিল আলো করে বসেছিলেন আরিয়ান।
সব থেকে বড় কথা, কেকেআর যে পরবর্তী প্রজন্ম তৈরি করছে, সেটি পরিষ্কার হয়ে গিয়েছে। এর আগে শাহরুখ, জুহি চাওলা, জয় মেহতারা নিলামে থাকতেন। কিন্তু এবার শাহরুখের পুত্র ও কন্যা সুহানা ছিলেন। আর জুহির কন্যা জাহ্নবী মেহতা ছিলেন টেবিলে। তাঁরাই আলোচনা করে ক্রিকেটারদের জালে তুলছিলেন।
আরিয়ানকেও সমান সক্রিয় লেগেছে। মাদক কাণ্ডের ঘটনায় আরিয়ান যেভাবে ভেঙে পড়েছিলেন, তারপর কী করে তিনি মূলস্রোতে ফিরবেন, সেই নিয়ে জল্পনা চলছিল। মাদক কাণ্ডে জড়িয়ে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। পরে তিনি জামিনে ছাড়া পান। তারপর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ানকে।
শাহরুখও বড় একটা প্রকাশ্যে আসেননি। তবে সম্প্রতি শ্যুটিংয়ে ফিরেছেন শাহরুখ। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণের পর সস্ত্রীক শাহরুখ শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
এবার প্রকাশ্যে এলেন আরিয়ানও। তাঁকে বেশ খোশমেজাজেই দেখা গেল। কোন ক্রিকেটার কেনা হবে, কার জন্য দর হাঁকা হবে, সেসব নিয়ে গম্ভীর আলোচনাও করলেন দলের কর্তাদের সঙ্গে।
শনিবার নিলামের প্রথম দিন ছিল। তার আগে অধিনায়ক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর সাফ জানিয়ে দিলেন তাঁদের স্ট্র্যাটেজি। বেঙ্কি জানান, ‘‘আমাদের লক্ষ্য আগে একটা ভাল দল তৈরি করা। শুরুতেই অধিনায়ক কে হবেন, তা নিয়ে ভাবছি না। আগে আমাদের ভাল একটা দল বেছে নিতে হবে। তারপর কে অধিনায়ক হবে, সেটা নির্ধারিত হবে।’’