
শেষ আপডেট: 28 May 2023 02:57
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে নতুন সংসদ ভবনের (new Parliament building) উদ্বোধনের আগে বিশেষ বার্তা দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। যদিও শাহরুখ খুব একটা বিজেপি ঘনিষ্ঠ নন। তবে প্রধানমন্ত্রীর (Narendra Modi) অনুরোধ একজন বিখ্যাত দেশবাসী হয়েই রেখেছেন। শুধু শাহরুখ না, অক্ষয় কুমার, অনুপম খেরের মতো অভিনেতারাও সেই একই ভিডিও নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন দেশবাসীদের উদ্দেশে। শনিবার রাতে সেই প্রত্যেকটি ভিডিও রিটুইট করেছেন প্রধানমন্ত্রী নিজে।

২৮ মে, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের নতুন সংসদ ভবন উদ্বোধন হবে। কংগ্রেস, সিপিএম-সহ প্রায় ২০টি দল সেই অনুষ্ঠান বয়কট করেছেন। এই পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী গত ২৬ মে নতুন সংসদ ভবন নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। তবে সেই ভিডিওতে না ছিল কোনও ভয়েস ওভার, না ছিল কোনও ব্যাকগ্রাউন্ড মিউজিক। এরপরই নরেন্দ্র মোদী এই বিখ্যাত ব্যক্তিত্বদের উদ্দেশে অনুরোধ করে জানান, "আমার একটি বিশেষ অনুরোধ আছে। এই ভিডিওটি আপনার নিজেদের ভয়েস-ওভার দিয়ে শেয়ার করুন। নতুন সংসদ ভবন সম্পর্কে আপনার চিন্তাভাবনা যেমন, সেটাই প্রকাশ করুন। এরমধ্যে আমি বেশ কয়েকটি ভিডিও রিটুইট করব।"
সেখানেই দেখা যায় বলিউড তারকা শাহরুখ খান নতুন সংসদ ভবন নিয়ে একটি ভিডিও বানিয়েছেন। এই ভবনকে "আমাদের সংবিধান সমর্থনকারী সবার জন্য একটি নতুন বাড়ি" বলে অভিহিত করেছেন যিনি। ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন তাঁর বিখ্যাত সিনেমা 'স্বদেশ'-এর থিম মিউজিক। যা ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সঙ্গে বলেছেন, এই সংসদ ভবন আমাদের নতুন আশার ঘর। যেখানে ১৪০ কোটি ভারতীয় একটি পরিবারে পরিণত হয়।
শাহরুখ আরও বলেন, "এই নতুন ভবনটি এত বড় হোক, যাতে প্রতিটি গ্রাম, শহর এবং দেশের প্রতিটি কোণ থেকে প্রত্যেকে এখানে জায়গা পায়। নতুন সংসদ ভবন সকল জাতি, ধর্ম ও ধর্মের মানুষের কাছে অস্ত্র হয়ে উঠুক।" সঙ্গে ওই ভিডিওটির ক্যাপশনেও জুড়ে দিয়েছেন কিছু কথা। লিখেছেন, "নতুন ভারতের জন্য একটি নতুন সংসদ ভবন। যা ভারতের গৌরব।" ভিডিওটি রিটুইট করে পাল্টা প্রধানমন্ত্রী লিখেছেন, "সুন্দরভাবে প্রকাশ! নতুন সংসদ ভবন গণতান্ত্রিক শক্তি ও অগ্রগতির প্রতীক। যা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশ্রণ ঘটিয়েছে।"
মোদীর ‘দক্ষিণী বার্তা’, নয়া সংসদ ভবন উদ্বোধনে প্রাধান্য তামিল সংস্কৃতিকে