
ফুটপাতে উঠে পড়া গাড়িটি।
শেষ আপডেট: 11 July 2024 11:07
দ্য ওয়াল ব্যুরো: পুণে, চেন্নাই, মুম্বইয়ের পর এবার কলকাতা। সিগন্যাল ভেঙে ফুটপাতে গাড়ি তুলে দিলেন বেপরোয়া চালক। ঘটনায় জখম পাঁচজন। তাঁদের মধ্যে রয়েছেন দু'জন পুলিশ কর্মীও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার ক্যামাক স্ট্রিটে।
পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে চেকিং চলছিল। তখনই ক্যামাক স্ট্রিটে সিগন্যাল ভেঙে একটি বিলাসবহুল চারচাকার বেপরোয়া চালক ফুটপাতে গাড়ি চালিয়ে দেন। তাতে পাঁচজন জখম হন।
পুলিশ সূত্রের খবর, গাড়িটি এ রাজ্যের নয়। গাড়িটির রেজিস্ট্রেশন অনুযায়ী, সেটি তেলেঙ্গানার। ইতিমধ্যে চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে দুর্ঘটনার পরই জখম দুই পুলিশ কর্মী-সহ পাঁচজনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই অবশ্য ছেড়ে দেওয়া হয়।
এর আগে গত রবিবার ভোরে মুম্বইয়ের ওরলিতে শিবসেনা (শিন্ডে শিবির) নেতার ছেলে মিহির শাহ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। তাঁর বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় স্কুটার আরোহী এক বধূর। এর আগে গত ১৯ জুন চেন্নাইয়ে রাজ্যসভার সাংসদ বিড়া মস্তান রাওয়ের মেয়ে মাধুরীর বিরুদ্ধে ফুটপাতে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় রাস্তায় শুয়ে থাকা এক ব্যক্তির।
এর ঠিক এক মাস আগে গত ১৯ মে মধ্যরাতে পুনে শহরের কল্যাণী নগরে মদ্যপ অবস্থায় বহুমূল্যের বিদেশি পোর্শে গাড়ি চালিয়ে দুই মোটরবাইক আরোহী সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারকে পিষে মারার অভিযোগ ওঠে পুনের ধনকুবের এক প্রোমোটারের ছেলের বিরুদ্ধে। এবার সেই একই ঘটনা শহর কলকাতার বুকে দেখা যাওয়ায় উৎকণ্ঠা তৈরি হয়েছে জনমানসে।