দ্য ওয়াল ব্যুরো : আগামী সোমবার ফের খুলবে শবরীমালা মন্দিরের দরজা । শনিবার ভোররাত থেকে মন্দিরের চারপাশে জারি হয়েছে ১৪৪ ধারা । চারজনের বেশি এক জায়গায় জড়ো হলেই ধরবে পুলিশ । তারা ইতিমধ্যে টহল দেওয়া শুরু করেছে মন্দিরের আশপাশে ।
বহুকাল ধরে শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মেয়েদের প্রবেশ নিষিদ্ধ । সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞাকে বেআইনি বলে ঘোষণা করেছে। ওই রায়ের পরে প্রথমবার মন্দিরের দরজা খুলেছিল অক্টোবর মাসে । ১৭ অক্টোবর দুই মহিলা মন্দিরে ঢুকতে গিয়েও ভক্তদের বাধায় ফিরে আসেন।
প্রদেশ কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা কেরলের পিনারাই বিজয়ন সরকারকে দোষ দিয়ে বলেছেন, মানুষকে শান্ত করার বদলে বিরোধ উস্কে দেওয়া হচ্ছে । সরকার থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলা হবে । মন্দিরে মহিলাদের প্রবেশ করা নিয়ে যে অশান্তি হচ্ছে, তার জন্য দায়ী বিজেপি ও আরএসএস । তারা এই ইস্যুতে গোলমাল করে রাজ্যে পা রাখতে চাইছে ।
আরএসএস প্রধান মোহন ভাগবত ও বিজেপির সভাপতি অমিত শাহ সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করেছেন। মোহন ভাগবত বলেন, বিচারপতিরা রায় দেওয়ার সময় ঐতিহ্যের কথা খেয়াল রাখেননি । এই ধরনের রায়ে সমাজে বিভেদ বাড়বে । অমিত শাহ বলেন, আমি বিচারপতিদের বলব, তাঁরা এমন রায় দিন যা কার্যকরী করা যায় । মানুষের ভাবাবেগে আঘাত করবে, এমন রায় দেবেন না ।