দ্য ওয়াল ব্যুরো : মাত্র ৫০০ মিটার। ওইটুকু পথ অতিক্রম করলেই দুই মহিলা শুক্রবার পৌঁছে যেতেন শবরীমালা মন্দিরের গর্ভগৃহে। কিন্তু পুরোহিত ও বিক্ষোভকারীদের বাধার মুখে ফিরতে হল তাঁদের। একটুর জন্য তৈরি হতে পারল না ইতিহাস।
গত কয়েকদিনে বেশ কয়েকজন মহিলা ভক্ত শবরীমালা মন্দিরে ঢুকতে গিয়ে ভয়ে পিছিয়ে এসেছেন। তা সত্ত্বেও সাহস করে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দুই মহিলা ভক্ত। বিরাট পুলিশ বাহিনী পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল তাঁদের। বিক্ষোভকারীরা পাথর ছুঁড়তে পারে জেনে দুই মহিলাও পরেছিলেন হেলমেট। কিন্তু মন্দির যখন আর মাত্র ৫০০ মিটার দূরে, এমন সময় দেখা গেল মন্দিরের পুরোহিত ও বিক্ষোভকারীরা দরজা আটকে বসে আছেন। হাততালি দিয়ে মন্ত্র উচ্চারণ করছেন। তাঁরা হুমকি দিলেন, দুই মহিলা যদি আর এগোন তা হলে মন্দিরের পুজোআচ্চা বন্ধ করে দেবেন। মন্দিরের দরজাও বন্ধ করে দেবেন। হুমকির মুখে ফিরতে হল দুই মহিলাকে।
মন্দিরের প্রধান পুরোহিত কান্দররু রাজভরু মহিলাদের দেখে পুলিশকে জানিয়ে দেন, আমি ভক্তদের সমর্থন করি। দরকার হলে মন্দিরের দরজায় চাবি দিয়ে চলে যাব। দুই মহিলাকে যে পুলিশবাহিনী পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল তাদের নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর এস শ্রীজিত। তিনি প্রধান পুরোহিতের কথা মহিলাদের জানালে তাঁরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
গত মাসে সুপ্রিম কোর্ট রায় দেয়, শবরীমালা মন্দিরে কোনও বয়সের মহিলাকে ঢুকতে বাধা দেওয়া চলবে না। তার পরেই বিক্ষোভ শুরু করে ভক্তরা।তাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার সময় ভক্তদের ভাবাবেগের কথা বিবেচনা করেনি।