
শেষ আপডেট: 9 June 2019 18:30
গিরিশ কারনাড ও শাবনা আজমি অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য 'নিশান্ত' ও 'স্বামী'। প্রথমটির পরিচালক শ্যাম বেনেগল। ১৯৭৫ সালে বহু আলোচিত এই চলচ্চিত্রে স্কুল শিক্ষকের চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা এবং তাঁর স্ত্রীর ভূমিকায় ছিলেন শাবানা আজমি যাকে আঞ্চলিক জমিদারের ভাইরা অপহরণ করে। 'নিশান্ত' ভারতীয় সিনেমার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ছবি হিসেবেই বিবেচিত হয়ে এসেছে। এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাতিল, অমরীশ পুরী সহ অন্যান্যরা। ১৯৭৭ সালে বাসু চ্যাটার্জির গিরিশ–শাবানা অভিনীত 'স্বামী' দর্শক থেকে সমালোচক প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। গ্রামের এক উচ্চাকাক্ষী মেয়েকে (শাবানা) জোর করে বিয়ে দেওয়া হয়। অনিচ্ছুক স্ত্রী'র ধৈর্যশীল স্বামীর ভুমিকায় অভিনয় করেছিলেন গিরিশ কারনাড। এছাড়াও বাসু চ্যাটার্জ্জির আপনা পরায়ে, শ্যাম বেনেগলের অন্তর্নাদ এবং চক এন্ড ডাস্টার–এ দেখা গিয়েছে গিরিশ–শাবানা জুটিকে।
গত শতকের সাত–আটের দশকে যে সিনেমাগুলিকে সমান্তরাল সিনেমা বলে অভিহিত করা হত তার অধিকাংশ সিনেমাতেই যেসব অভিনেতা–অভিনেত্রীকে দেখা যেত তার মধ্যে শাবানা আজমি এবং গিরিশ কারনাড অন্যতম। যদিও পরবর্তীকালে এই দুই অভিনেতাই বাণিজ্যিক ছবিতেও সমান দক্ষতায় অভিনয় করেছেন। গিরিশ কারনাড অবশ্য সাতের দশকের গোড়া থেকেই সাংস্কৃতিক ক্ষেত্রের মানচিত্রটির বদল ঘটিয়েছিলেন নাট্যমঞ্চে। প্রয়াত অভিনেতা–নাট্যকারের প্রথম লেখা চলচ্চিত্র চিত্রনাট্য 'সংস্কার' কন্নড় চলচ্চিত্রের প্রথম স্বর্ণকমল প্রাপ্ত সিনেমা। তাঁর লেখা নাটক ভারতীয় প্রায় সমস্ত ভাষায় অনূদিত হয়েছে। এখনও ভারতের বিভিন্ন মঞ্চে গিরিশ কারনাডের লেখা নাটক সফলভাবে মঞ্চস্থ হয়ে চলেছে।