ফাইল ছবি
শেষ আপডেট: 29 December 2024 19:19
দ্য ওয়াল ব্যুরো: বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যে সুর চড়িয়েছেন বিরোধীরা। সংসদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ কর্মসূচি। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল বাম ছাত্র সংগঠন এসএফআই।
২০২৫ শিক্ষাবর্ষে স্কুল শুরুর প্রথম দিন থেকেই যাতে এমন ব্যবস্থা চালু করা হয় সেই আর্জি সংগঠনের তরফে জানানো হয়েছে। বাম ছাত্র সংগঠনের অভিযোগ, আধুনিক ভারত তৈরির পিছনে আম্বেদকরের অবদান গুরুত্বপূর্ণ।
এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানিয়েছেন, সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করতে হবে। এমন উদ্যোগে সংবিধান সম্পর্কে ছাত্রদের মধ্যে চেতনা আরও জাগ্রত হবে। তাঁদের আর্জি, স্কুলগুলিতে প্রতিদিন প্রার্থনার সময় যেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ অন্তর্ভুক্ত করা হয়।
বাম ছাত্র সংগঠন সূত্রে খবর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠের ফলে ছাত্রদের মধ্যে দেশের মূলনীতি, আদর্শ সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হবে। এর ফলে ছাত্ররা ভবিষ্যতে একজন সচেতন নাগরিক হয়ে উঠবে।
তবে কেন্দ্রীয় মন্ত্রী, যে মন্তব্য করেছেন তার ফলে শুধু তাঁকে অপমানই করা হয়নি, সামাজিক ন্যায় বিচার এবং জাতি গঠনের জন্য আম্বেদকর যে সংগ্রাম ছিল তাকেও ছোট করা হয়েছে। এমনটাই অভিযোগ এসএফআইয়ের। সে কারণে নতুন প্রজন্মের মধ্যে সংবিধানের মূল্যবোধ জাগ্রত করতে এমন ভাবনা।
রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন অমিত শাহ বলেছিলেন, ‘এখন এক ফ্যাশন হয়েছে। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।’ সেই সঙ্গে কংগ্রেসকে নিশানা করে শাহ বলেছিলেন, ‘১০০ বার বিআর আম্বেদকরের নাম নিলেও কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর।" এই মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা।