
শেষ আপডেট: 29 February 2024 22:39
দ্য ওয়াল ব্যুরো: আগামী শনি এবং রবিবার শিয়ালদহ শাখার একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল। বৃহস্পতিবার এব্যাপারে রেলের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রেল সূত্রের খবর, আগামী ১ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে দমদম স্টেশনে। ফলে ওই চারদিন ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত হবে। শনি এবং রবিবার একাধিক ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। লোকাল ট্রেনের পাশাপাশি একাধিক এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে।
শনিবার শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস (আপ এবং ডাউন) বাতিল করেছে রেল। এছাড়াও শিয়ালদহ থেকে রানাঘাট, হাবরা, হাসনাবাদ, ডানকুনি, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দত্তপুকুর, বারাসত, গোবরডাঙা, ব্যারাকপুর, নৈহাটি, বর্ধমান, কাটোয়া, বজবজ, ঠাকুরনগর এবং বনগাঁ পর্যন্ত আপ এবং ডাউন লাইনের একাধিক ট্রেন শনিবার চলবে না।
একইভাবে রবিবার শিয়ালদহ থেকে রানাঘাট, হাসনাবাদ, হাবরা, ডানকুনি, গোবরডাঙা, দত্তপুকুর, নৈহাটি, ব্যারাকপুর, বর্ধমান এবং কাটোয়া লোকালের আপ এবং ডাউনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট দুটি দিনে বন্ধ থাকবে চক্র রেল পরিষেবাও।
দমদম স্টেশনের নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য শুক্রবার থেকে শিয়ালদহ শাখায় বিভিন্ন ট্রেনের সময় এবং গতিপথও পরিবর্তন করা হচ্ছে। সংশ্লিষ্ট দিনগুলিতে কোন কোন ট্রেনগুলি চলবে, এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে রেলের ওয়েবসাইট বা নিকর্টবর্তী রেল স্টেশনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন রেলের কর্তারা।