
ফাইল ছবি।
শেষ আপডেট: 4 March 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতে বিষাক্ত ইঞ্জেকশনে প্রসূতি মৃত্যুর অভিযোগে শোরগোল তৈরি হয়েছিল মেদিনীপুর মেডিক্যালে (Midnapur Medical)। ওই ঘটনায় হাসপাতালের সুপার-সহ ১২ জন চিকিৎসককে সাসপেন্ডও করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর (সম্প্রতি সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে)।
দু'মাসের ব্য়বধানে সেই ইঞ্জেকশন আতঙ্ক ফিরল বর্ধমান মেডিক্যালে (Burdwan Medical)। সূত্রের খবর, সোমবার সন্ধে থেকে বর্ধমান মেডিক্যালে অন্তত সাতজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছেন। অভিযোগ, সোমবার বিকেলে নার্সরা ইঞ্জেকশন দেওয়ার পরই একাধিক প্রসূতি অসুস্থ হতে শুরু করে। কাঁপুনি, জ্বর, এমনকি কারও কারও খিঁচুনিও দেখা যায়।
গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসক, নার্সদের মধ্যেও। হাসপাতালের তরফে দ্রুত অসুস্থ প্রসূতির পরিজনদের ফোন করে ডেকে নেওয়া হয়। অন্যদিকে গোটা ঘটনার জন্য ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগে সরব হয় রোগী ও তাদের পরিজনরা।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, "অ্যালার্জিটিক সমস্যা থেকে সাতজন অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তাঁরা সুস্থ রয়েছেন। কীভাবে সাতজন রোগীর শরীর অসুস্থ হয়ে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।"
গোটা ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবারও বর্ধমান মেডিক্যালে রোগী ও তাদের পরিজনদের মধ্যে আতঙ্ক দেখা গিয়েছে। ঘটনার জেরে অনেকে এদিন হাসপাতাল থেকে রোগীদের ছুটি করিয়ে নিয়েও চলে যান।