
শেষ আপডেট: 1 May 2025 23:54
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিকেলের পর আচমকা যে ঝড়-বৃষ্টি শুরু হয়েছিল তা প্রাণঘাতী রূপ নিয়েছে। বারাসতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ায়। কলকাতাতেও প্রাণ হারিয়েছেন একজন। অন্যদিকে, বাজ পড়েও রাজ্যে একজনের মৃত্যু হয়েছে লক্ষ্মীবারে।
বেহালার পর্ণশ্রীর ইউনিক পার্ক এলাকায় একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। তাঁর নাম মীনা ঘোষ। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের সময়ে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই ঘটনায় আরও একজন আহতও হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বাজ পড়ে এক জনের মৃত্যু হয়েছে। কেশিয়াড়ির ঘৃতগ্রাম পঞ্চায়েতের বুড়িমহুল এলাকায় মাঠে চাষের কাজে গিয়েছিলেন বৃদ্ধ স্বামী-স্ত্রী। সেই সময়ই বাজ পড়ে এবং বৃদ্ধের মৃত্যু হয়। তাঁর স্ত্রী গুরুতর আহত।
প্রসঙ্গত, বারাসতে গাছ পড়ে নিজের ঘরে শুয়ে থাকা অবস্থাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন এক ব্যক্তি! ইন্দিরা কলোনির বাসিন্দা গোবিন্দ বৈরাগী সন্ধে বেলা নিজের বাড়িতেই ছিলেন। ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় কোথাও বেরতে পারছিলেন না তাই নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আচমকাই তাঁর ঘরের ওপর ভেঙে পড়ে এক বিশালাকার গাছ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় মানুষ গাছ কেটে ঘর থেকে তাঁকে বের করে হাসপাতালে নিয়ে যান। সেখানে গোবিন্দকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
বারাসতের আদিবাসী পাড়াতেও একটি গাছ উপড়ে পড়ে ছটি বাড়ির ওপর। তবে সেখানে হতাহতের কোনও খবর নেই। তবে ছ'টি বাড়িই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দু'জায়গাতেই বিপর্যয় মোকাবিলার লোক কাজ করে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছেন।