
শেষ আপডেট: 17 August 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ সাত বাম নেতানেত্রীকে তলব করল পুলিশ। ১৪ অগস্ট রাতে গোটা রাজ্য়ের মহিলারা যখন আরজি করের নির্যাতিতাকে বিচার দেওয়ার দাবিতে রাত জাগছেন তখন একদল দুষ্কৃতী ওই হাসপাতালে ঢুকে তছনছ করে দেয়। সেই ঘটনাতেই মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ এসএফআই ও ডিওয়াইএফআইয়ের সাতজন নেতাকে ডেকে পাঠানো হল লালবাজারে।
ডাক্তারদের আন্দোলন চলাকালীন ১৪ অগস্ট রাতে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে আরজি কর হাসপাতালে। পুলিশের ব্যারিকেড ভেঙে জরুরি বিভাগে ঢুকে তছনছ করে দেয় তারা। ভাঙচুর করে দামি মেশিন। নষ্ট করে দেয় বহুমূল্য ওষুধ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরা। আহত বেশ কয়েকজন পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করতে হয় কলকাতা পুলিশের ডিসি নর্থকে।
এরপরেই ঘটনার দায়ভার নিয়ে শুরু হয় টানাপড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই ঘটনার দায় বাম ও বিজেপি কর্মীদের উপর চাপিয়েছেন। রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্যই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার ডোরিনা ক্রসিংয়ে মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করেন বাম ও বিজেপি নেতৃত্বের। তারপরেই শনিবার তলব করা হয় এসএফআই ও ডিওয়াইএফআইয়ের সাতজন নেতাকে।