
শেষ আপডেট: 18 November 2023 18:07
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শিলাবৃষ্টি মতোই নাড়ু বৃষ্টি! কাটোয়ায় সাতভাই কার্তিকের প্যান্ডেলে বহুকাল আগে থেকে চলে আসছে এই প্রথা। ঐতিহ্যবাহী লোকউৎসব কার্তিক লড়াইয়ে মেতে উঠেছেন কাটোয়ার মানুষ। কাটোয়ার পুরনো কার্তিক পুজোগুলির মধ্যে অন্যতম সাতভাই কার্তিকের পুজো। বহুকাল আগে পরিবারের গৃহবধূর সন্তান কামনায় এই কার্তিকের পুজো শুরু করেছিলেন কাটোয়ার তাঁতিপাড়ার খাঁ পরিবারের পূর্বপুরুষ প্রাণবল্লভ খাঁ। শুরুতে কার্তিকের দুই পাশে দুই সখী রেখে পুজো করা হত। পরে কোনও অঘটন ঘটায় কার্তিকের পাশ থেকে সখীদের মূর্তি সরিয়ে সাত ভাই রেখে পুজো শুরু হয়।
দীর্ঘদিন এই পুজো চলার পর খাঁ পরিবারের সদস্যরা অর্থনৈতিক কারণে এই পুজো বন্ধ করে দিতে বাধ্য হন। এরপরেই এগিয়ে আসেন পাড়ার বাসিন্দারা। তাঁরাই এই পুজোর দায়িত্ব নেন। সেই থেকে পুরনো নিয়ম মেনে তাঁতিপাড়ার লোকজন এই পুজো চালাচ্ছেন। আজও মহিলারা সন্তানের কামনায় এই সাতভাই কার্তিকের কাছে মানত করেন। সন্তান লাভের পর মুড়ির নাড়ু, চকোলেট, বাচ্চাদের খেলনা ঝুমঝুমি, বেলুন, বাঁশি এই সমস্ত দিয়ে পুজো দেন তারা। পুজোর নিয়ম মেনে বস্তা বস্তা মুড়ির নাড়ু, চকোলেট সবার মধ্যে ছড়ানো হয়।
আশেপাশের বাড়ির ছাদ থেকে মহিলারা এই মুড়ির নাড়ু, চকোলেট ছড়িয়ে দেন। তা নেওয়ার জন্য ভিড় করেন বহু মানুষ। কোনও জিনিস হারিয়ে গেলে কার্তিকের কাছে নুন দিয়ে মানত করারও রীতি আছে। মানত পূরণ হওয়ার পর নুন দিয়ে পূজো দেওয়ার প্রথাও আজও চলে আসছে। মূলত সন্তান কামনাতেই সাতভাই কার্তিকের শরণাপন্ন হন মানুষ।