
শেষ আপডেট: 19 April 2023 13:20
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে (East Bengal) আদৌ কি আসবেন সার্জিও লোবেরা (Sergio Lobera) কোচ হিসেবে? সেই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। প্রথমে বলা হয়েছিল, গত ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন লাল হলুদের নতুন কোচের নাম ঘোষণা করা হবে। কিন্তু সেদিন সেই নিয়ে উচ্চবাচ্য হয়নি।
লোবেরা এই মুহূর্তে চিনের একটি প্রথম ডিভিশন ক্লাবে কোচিং করাচ্ছেন। কিন্তু চিনে ফের করোনার দাপটের জন্য সমস্যা তৈরি হয়েছে। লোবেরাকেও কোয়ারিন্টিনে থাকতে হচ্ছে। তিনি চিনে কোচিং করাতে চাইছেন না। কিন্তু চুক্তিজটে তিনি ফেঁসে গিয়েছেন।
লোবেরা শেষবার ভারতে কোচিং করিয়েছেন মুম্বই সিটি এফসি-তে। সেই চুক্তি মোট পাঁচবছরের। তার মানে মুম্বই দল ছাড়লেও তাদের বিশ্বে অন্তর্ভূক্ত যে ক্লাব রয়েছে, সেই দলেই কোচিং করাতে হবে। একমাত্র সিটি গ্রুপের চুক্তি ভাঙলে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে।
এমনিতেই লোবেরা লাল হলুদে এলে প্রতি মাসে তাঁর জন্য খরচ হবে ১৫-২০ লক্ষ টাকা। তিনি পুরো পরিবার নিয়ে আসবেন। তিনি মোটা অঙ্কের বেতন তো নেবেনই, পাশাপাশি তাঁকে বিলাসবহুল গাড়ি দিতে হবে। থাকবেন নিউটাউনের দামী ফ্ল্যাটে।
তারওপর সিটি গ্রুপকে রিলিজ মানি দিতে হলে অনেক অর্থ যাবে বিনিয়োগকারী সংস্থা ইমামির। এমনকী এই নামী স্প্যানিশ কোচ আবার লাল হলুদের সঙ্গে অন্তত চারবছরের চুক্তি চাইছেন। সেই নিয়েও আপত্তি রয়েছে বিনিয়োগকারী সংস্থার আধিকারিদের।
ইস্টবেঙ্গল এই বিষয়গুলি নিয়েই ভাবছে। কারণ তারা ভেবেছিল এবার নতুন কোচ এনে দলগঠনে নেমে পড়বে। কিন্তু কোচ নিয়ে গড়িমসির কারণে ফের সমস্যা তৈরি হয়েছে। আগামী সপ্তাহে ফের ইমামিতে বৈঠকে বসবে দুই পক্ষ। সেখানে লোবেরার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একান্ত তিনি বাতিল হলে মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাসকে নিয়ে ভাবনা শুরু হবে।
মেসির নামে চিৎকার, ক্ষুব্ধ রোনাল্ডো! অশ্লীল অঙ্গভঙ্গীতে বিতর্কে সিআর সেভেন, দেখুন ভিডিও