দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতে বড়সড় ধাক্কা শেয়ার বাজারে। বাজার খোলার পর শুরুটা ভালো হলেও বেলা বাড়তেই পড়তে থাকে শেয়ার সূচক। আপাতত ২০০ পয়েন্ট কমে সেনসেক্স ৩৫,৭১০ পয়েন্টে ঠেকেছে। ষাট পয়েন্ট কমে নিফটির সূচক ১০,৭০০। পাশপাশি টাকার দরে রেকর্ড পতন। টাকার দাম প্রায় ২ টাকা কমেছে। ডলারের নিরিখে দর দাঁড়িয়েছে ৬৯.৯৩ টাকা।
সোমবার বাজার খুলতেই গত কয়েকদিনের তুলনায় সবচেয়ে বেশি ধস নামে শেয়ারে। ইয়েস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আদানি পোর্টসের শেয়ার ২ থেকে ১০ শতাংশের পর্যন্ত ওঠা নামা করে। অবশেষে পুরোপুরি লোকসানের মুখ দেখে। যদিও চাঙ্গা এশিয়ার শেয়ার দর। কিন্তু, আঞ্চলিক বিনিয়োগকারীরা সূচকের পতন ঘটায় সমস্যায় পড়েছেন।
শেয়ার সূচকের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে টাকার দরও। যা বেশ চিন্তার কারণ। ডলারের নিরিখে টাকার দাম প্রায় ৭০ টাকার কাছাকাছি, বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর ফলে চলতি আর্থিক বছরে টাকার দর মোট ৭.২ শতাংশ কমেছে। মূলত তুরস্ক,রাশিয়া, আর্জেন্টিনার মুদ্রার দর ডলারের নিরিখে প্রায় ৪০ শতাংশ কমেছে। যার প্রভাব পড়েছে টাকার দরে। এই রেশ গোটা সপ্তাহ জুড়েই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বছরের শুরুতেই প্রায় ৩৬ হাজারের নীচে চলে যায় সেনসেক্স। সেই ঘাটতি পূরণের মুখেই সোমবার ধাক্কা খেল সূচক। যদিও মনে করা হচ্ছে, আগামী ২-৩ দিনের মধ্যেই লোকসান কাটাতে সফল হবে শেয়ার বাজার।