
শেষ আপডেট: 1 February 2023 08:19
দ্য ওয়াল ব্যুরো: বয়স্ক নাগরিকদের (৬০ ঊর্ধ্বে) জন্য বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বুধবার বাজেট (Budget 2023) ভাষণে তিনি বয়স্ক নাগরিকদের (Senior Citizen) সঞ্চয় প্রকল্পের দুটি স্কিমে আমানতের (Savings Scheme Deposit) পরিমাণ একলাফে দ্বিগুণ করে দিয়েছেন। ফলে ডাকঘর থেকে সুদ বাবদ আয়ের পরিমাণ এক লপ্তে অনেকটা বাড়বে প্রবীণ নাগরিকদের।
এই স্কিম দুটি হল এক. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। দুই. এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম। প্রথমটিতে বয়স্ক নাগরিকেরা ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ১৫ লাখ টাকা রাখতে পারতেন। সেটা বৃদ্ধি করে ৩০ লাখ টাকা করা হচ্ছে, জানান অর্থমন্ত্রী।
ডাকঘরের মান্থলি ইনকাম স্কিমেও বয়স্ক নাগরিকদের বিশেষ সুবিধা ছিল। তারা ব্যক্তিভাবে সাড়ে চার লাখ টাকা পর্যম্ত রাখতে পারতেন। জয়েন্ট অ্যাকাউন্টে জমা করা যেত নয় লাখ টাকা। ফলে সুদ বাবদ আয় বৃদ্ধির আরও একটি সুযোগ ছিল। অর্থমন্ত্রী সুদ বাবদ আয়ের রাস্তা আরও বিস্তৃত করলেন। তিনি ঘোষণা করেছেন, এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্টে জমা করা যাবে ১৫ লাখ টাকা। অর্থাৎ ব্যক্তিগতভাবে সাড়ে সাত লাখ টাকা রাখা সম্ভব হবে।
বিগত কয়েক বছর ধরে ব্যাঙ্ক, পোস্ট অফিসের সুদের হার হ্রাসের ফলে সবচেয়ে বিপাকে পড়েন বয়স্ক নাগরিকেরা। জমা টাকার সুদের উপর ভরসা করে তাদের চলতে হয়। ফলে ডাকঘর সঞ্চয় প্রকল্পে সুদের হার অব্যাহত রাখা বিশেষ করে বয়স্কদের স্কিমগুলিকে বাড়তি সুবিধা দেওয়ার দাবি ওঠে। আজ অর্থমন্ত্রী অন্তত আমানতের পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে খানিকটা স্বস্তি দিলেন। যারা বাড়তি অর্থ জমা করতে পারবেন, সুদ বাবদ তাদের আয়ের অঙ্ক বেড়ে দ্বিগুণ হবে। তবে সুদের হার বাড়ানো হলে তা হত আরও বড় সুবিধা। যদিও সুদের হার এখন সরকার সরাসরি ঠিক করে না। আর্থিক পরিস্থিতি অনুযায়ী প্রতি তিনমাস অন্তর ঠিক হয় সুদের অঙ্ক।
মান্থলি ইনকাম স্কিমে জমার পরিমান দ্বিগুণ করতে ডাকঘর সঞ্চয় প্রকল্পের সঙ্গে যুক্ত এজেন্ট সংগঠনগুলি দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিল। কারণ, এই প্রকল্পে বয়স্ক নাগরিক ছাড়াও যে কোনও প্রাপ্তবয়স্ক টাকা জমাতে পারেন। আমানতের পরিমাণ দ্বিগুণ হওয়ায় কমিশন বাবদ এজেন্টদের আয়ও বাড়বে।
রাজনৈতিক মহলের মতে, বয়স্ক নাগরিকদের সঞ্চয় প্রকল্পে নয়া সুবিধা ভোটের বাক্সে শাসকদলকে স্বস্তি দেবে। দেশের নাগরিকদের আট শতাংশ সরকারি মানদণ্ড অনুযায়ী বয়স্ক নাগরিক। এই অংশের মানুষ সকলেই ভোটার। এই ভোটারদের বেশিরভাগই ডাকঘর সঞ্চয় প্রকল্পের সুদ বাবদ আয়ের উপর নির্ভরশীল।
ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা নির্মলার, নতুন কর কাঠামো জেনে নিন এক নজরে