দ্য ওয়াল ব্যুরো: মোড়ক খুলেই খুচরো আপেল বিক্রেতারা দেখলেন আপেলের গায়ে লেখা আছে ‘আজাদি চাই’, কোনওটার গায়ে লেখা আছে ‘আমি বুরহান ওয়ানিকে ভালবাসি’ আবার কোনওটার গায়ে লেখা আছে ‘জাকির মুসা কাম ব্যাক’। কাশ্মীর থেকে আনা আপেলের গায়ে কালো মার্কার দিয়ে এ সব লেখা দেখে তা আর কেউ কিনতে চাইছেন না। তখন আর সময় নষ্ট করেননি কাঠুয়ার ফলবিক্রেতারা। তাঁরা খবর দেন পুলিশে। কারা কী ভাবে এই ভাবে দেশবিরোধী বার্তা ছড়াতে চাইছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এ সব লেখা থাকার জন্য যারা আপেল কিনতে চাইছে না, তাদের বিরুদ্ধে সরকার কোনও পদক্ষেপ না করলে কাশ্মীরী আপেল তাঁরা বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ফল বিক্রেতারা। পাইকারি বাজার থেকে আপেল বাক্স কিনে এনে তা খুলতেই আপেলের গায়ে দেশবিরোধী এইসব লেখা দেখতে পান। কাঠুয়ার পাইকারি বাজারের সভাপতি রোহিত গুপ্তার নেতৃত্বে পাকিস্তান ও জঙ্গিবিরোধী স্লোগান দিতে থাকেন তাঁরা। রোহিত গুপ্তা জানিয়েছেন, যে সব বাক্সের আপেলে ওই সব লেখা ছিল, সেগুলি কাশ্মীর থেকে এসেছে। কথাগুলি লেখা ছিল ইংরেজি ও উর্দুতে।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তারা তদন্ত শুরু করেছ। এ ব্যাপারে প্রত্যেক ফলবিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হিজবুল মুজাহিদিনের অন্যতম কমান্ডার জাকির মুসা ভারতে আল কায়দার শাখা প্রতিষ্ঠা করেছিল। বুরহান ওয়ানি ছিল কাশ্মীরী জঙ্গি, সেও হিজবুল মুজাহিদিনের সক্রিয় সদস্য ছিল। সোশ্যা মিডিয়ার মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। দুই জঙ্গি নেতাকেই খতম করেছে নিরাপত্তা বাহিনী।
ভারতের সংবিধান থেকে অস্থায়ী ৩৭০ ধারা ও ৩৫এ ধারা কেন্দ্রীয় সরকার বিলোপ করার পরে কাশ্মীরের টেলি যোগাযোগ ব্যবস্থা ছিল না টানা ৭২ দিন। তারপর পোস্টপেড লাইন নামেই চালু হয়েছে, ইন্টারনেটও নেই বললেই চলে। জমায়েতও নিষিদ্ধ। তবে এই অবস্থার মধ্যেও যে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় রয়েছে ও নানা ভাবে বার্তা পাঠানোর অবিরাম চেষ্টা করে যাচ্ছে, তা স্পষ্ট বুধবারের ঘটনাতেই।
সরকার জানিয়েছে কাশ্মীরকে দ্রুত স্বাভাবিক করা হবে। কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের এই সক্রিয়তা দেখার পরে টেলি যোগাযোগ ব্যবস্থা আবার আগের মতো পুরোপুরি স্বাভাবিক করার কথা কেন্দ্রীয় সরকারকে ভাবতে হতে পারে। ৫ অগস্ট ৩৭০ ধারা বিলোপের পাশাপাশি জম্মু-কাশ্মীরকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দিয়েছে দ্বিতীয় মোদী সরকার -- জম্মু-কাশ্মীর ও লাদাখ।
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%9a%e0%a7%87/