
শেষ আপডেট: 23 December 2023 12:18
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের চেয়ে উপত্যকার নিরাপত্তা ঢের ভাল! এমনই দাবি জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার।
শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। সেখানেই একথা বলেন মনোজ সিনহা। তাঁর দাবি, “বাংলার থেকে কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি ঢের ভাল।” নিজের দাবির সপক্ষে তাঁর ব্যাখ্যা, “বিশ্বাস না হলে আমাদের রাজ্যে আসুন, নিজের চোখেই পার্থক্য দেখতে পাবেন।”
পুঞ্চে নতুন করে সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠীর। জঙ্গি হামলায় নিহত হয়েছেন চার জওয়ান। এরপরই ফের জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। এ ব্যাপারে জানতে চাওয়ায় জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি বোঝাতে বাংলার প্রসঙ্গ টেনে আনেন লেফটেন্যান্ট গভর্নর।
এমন মন্তব্যকে ঘিরে বিতর্ক হতে পারে, আঁচ করে পরে অবশ্য নিজের মত বদল করে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, “আমি শুধু বলতে চেয়েছিলাম যে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা বাংলার মতোই ভাল। আমার মন্তব্যকে রাজনৈতিকভাবে বিকৃত করবেন না।”
এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেম তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, “উনি বিজেপির লোক। বিজেপির কথা মতো উনি মন্তব্য করেন। তবে এবিষয়ে কথা বলার আগে উনি একটু খোঁজখবর নিয়ে বললে ভাল করতেন। কেন্দ্রের রিপোর্টেও বলা হয়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গ দেশের নিরাপদতম স্থান।”