দ্য ওয়াল ব্যুরো : শনিবার সকাল সাড়ে ১০ টায় বহু প্রতীক্ষিত অযোধ্যা মামলার রায় শোনাতে চলেছেন পাঁচ বিচারপতি। তার আগেই তাঁদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হল। যে পাঁচ বিচারপতিকে নিয়ে অযোধ্যা মামলার বেঞ্চ গঠিত হয়েছে, তাঁদের মধ্যে আছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস আবদুল নাজির। তাঁদের মধ্যে প্রধান বিচারপতি জেড ক্যাটেগরির নিরাপত্তা পাবেন।
গত ১৬ অক্টোবর অযোধ্যা মামলার শুনানি শেষ হয়। তারপর ৪০ দিন ধরে রায়দান স্থগিত রাখা হয়েছিল। অযোধ্যা মামলার রায়ের দিন যত এগিয়ে আসছিল তত উৎকণ্ঠা বাড়ছিল। রায় ঘোষণার পর যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতিমধ্যেই গোটা উত্তরপ্রদেশ জুড়ে সুরক্ষা বাড়িয়েছে যোগী আদিত্যনাথের সরকার। সেইসঙ্গে মামলার রায় যে তাদের পক্ষেই যাবে সেই দাবি জানিয়েছে সব পক্ষই।
অযোধ্যার বিতর্কিত যে সৌধ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল করসেবকদের উন্মত্ত আক্রমণে, সেই সৌধের জমি সমেত মোট ২.৭৭ একর জমি নির্মোহী আখড়া, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, উত্তরপ্রদেশ ও রামলালা বিরাজমানের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের রায়ে।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তিন পক্ষই। মধ্যস্থতা করার চেষ্টাও করা হয়। কিন্তু কোনও ফল মেলেনি। তারপরেই হয় এই ম্যারাথন শুনানি। এখন দেখার শনিবার কী সিদ্ধান্ত নেয় দেশের শীর্ষ আদালত।