পুলওয়ামা ধাঁচে ফিদায়েঁ হামলা হতে পারে পঞ্জাব ও জম্মু-কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিতে, সতর্ক করল এনআইএ
দ্য ওয়াল ব্যুরো: বালাকোটে ফের সক্রিয় উঠেছে জইশ শিবির। আধুনিক আগ্নেয়াস্ত্র ও ইজরায়েলি বোমা নিয়ে তৈরি হচ্ছে জইশের অন্তত ৫০০ জঙ্গি, এ কথা আগেই জানিয়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ভারতে যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে পাক মদতপুষ্ট একাধিক জঙ
শেষ আপডেট: 1 October 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: বালাকোটে ফের সক্রিয় উঠেছে জইশ শিবির। আধুনিক আগ্নেয়াস্ত্র ও ইজরায়েলি বোমা নিয়ে তৈরি হচ্ছে জইশের অন্তত ৫০০ জঙ্গি, এ কথা আগেই জানিয়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ভারতে যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে পাক মদতপুষ্ট একাধিক জঙ্গি সংগঠন এমন আশঙ্কার কথা জানিয়েছে আমেরিকাও। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছে, জম্মু-কাশ্মীর ও পঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিগুলিতে ফের ফিদায়েঁ হামলার জন্য প্রস্তুত হচ্ছে জইশ-ই-মহম্মদ। পঞ্জাবের অমৃতসর, পাঠানকোট এবং জম্মু-কাশ্মীরের শ্রীনগর বায়ুসেনা ঘাঁটিতে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সতর্কতা জারি হয়েছে বিমানবন্দরগুলিতেও।
গোয়েন্দা সূত্র জানাচ্ছে, জম্মু-কাশ্মীর ও পঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিগুলোতে আত্মঘাতী হামলার জন্য তৈরি হয়েছে জইশের আট থেকে দশ জন ফিদায়েঁ জঙ্গি। পুলওয়ামা ধাঁচে ফের চালানোর ছক কষা হচ্ছে। জম্মু, অবন্তীপুর, শ্রীনগর, পাঠানকোট ও হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার হতে নিষেধ করেছে পুলিশ।
২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনা জইশের ঘাঁটিতে হামলা চালিয়েছিল। ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল জইশের একাধিক শিবির। এর পর সাত মাস কেটে গিয়েছে। ৩৭০ ধারা বিলোপের বিষয় নিয়ে এখন ভারত-পাকিস্তান মধ্যে টানাপড়েনের বেড়েছে। এরই মধ্যে ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর, পাক সরকারের মদতে জঙ্গি গোষ্ঠীগুলি ফের তৎপর হয়েছে। জইশের কমান্ডার আব্দুল রউফ আসগরের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।
বালাকোটে জইশ গোষ্ঠীর তৎপরতা নিয়ে সম্প্রতি রিপোর্ট দিয়েছে এনআইএ। সেই রিপোর্টে বলা হয়েছে, বালাকোটর জঙ্গি ঘাঁটিগুলোকে ফের গড়ে তুলতে নেমেছে জইশ-ই-মহম্মদ। এবং এ সবের পুরোটাই চলছে পাক মদতে। সীমান্তে ক্যাম্প করে রয়েছে অন্তত ৫০০ জঙ্গি। ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তারা। এনআইএ এও জানিয়েছে, নতুন করে মানসেরা, গুলপুর, কোটলির জঙ্গি শিবিরে প্রশিক্ষণ শুরু হয়েছে। খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা থেকে জইশ নতুন করে জঙ্গি নিয়োগ করছে। সেখানে ফিদায়েঁ প্রশিক্ষণ চলছে জোরকদমে।
