
শেষ আপডেট: 23 February 2023 10:50
দ্য ওয়াল ব্যুরো: নাগপুর শহরে ১৪৪ ধারা (Section 144) জারি হল। অর্থাৎ শহরে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করে দিল পুলিশ। রাস্তায়, মাঠ-ময়দানে, খোলা জায়গায় পাঁচজনের বেশি জড়ো হলেই পুলিশ আটক করতে পারে।
এক-দু’দিনের জন্য নয়, নাগপুরের (Nagpur) পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, আপাতত দু’মাস এই নির্দেশ বহাল থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত হবে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হবে কি না।
কোনও এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে বা হওয়ার মতো পরিস্থিতি দেখা দিলে অবস্থা সামাল দিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধিতে ১৪৪ ধারা জারির বিধান আছে। জেলাশাসক বা তাঁর তরফে কোনও অফিসারের নামে বিজ্ঞপ্তি জারি করে ১৪৪ ধারা বলবৎ করা যায়। এই ধারা বহাল হলে পুলিশ সন্দেহভাজন যে কাউকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। সব ধরনের জমায়েতও নিষিদ্ধ থাকে।
নাগপুরের পুলিশ কমিশনার ১৪৪ ধারা জারির জন্য নগরবাসীর প্রতি দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘এছাড়া উপায় ছিল না। আপনাদের স্বার্থেই এই সিদ্ধান্ত।’
কেন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হল নাগপুর পুলিশ। শহরের নগরপাল জানিয়েছেন, নাগপুরে বৃহন্নলাদের কার্যকলাপ মাত্রা ছাড়িয়েছে। প্রায়ই মানুষ পুলিশের দ্বারস্থ হচ্ছেন। বাড়িতে, অনুষ্ঠানের জায়গায় বিনা নিমন্ত্রণে তাঁরা ঢুকে পড়ছেন। জবরদস্তি এটা ওটা দাবি করছেন। দিতে না পারলে হুমকি, মারধরের ঘটনাও ঘটেছে। সেই সঙ্গে চলছে অশ্লীল গালাগাল।
সম্প্রতি অভিযোগের বন্যা শুরু হয়েছে। পুলিশ তিতিবিরক্ত। অনেক করে বুঝিয়েও কাজ হয়নি। পুলিশ বৃহন্নলাদের সংগঠনগুলির সঙ্গেও কথা বলে। তারাও অসহায়তার কথা জানায়।
প্রসঙ্গত, পথে বৃহন্নলাদের দৌরাত্ম্য থেকে দেশের কোনও শহরই মুক্ত নয়। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, সর্বত্র এক চিত্র। কলকাতায় পার্ক স্ট্রিট, মেয়ো রোড, এসএন ব্যানার্জি রোজ, লেনিন সরণি, হাতিবাগান, ইএম বাইপাস, গড়িয়াহাট রোড, হাডকো মোড়, হাজরা ও রাসবিহারী মোড়ে তাঁদের দাপট বেশি। তবে কোনও শহরেই এখনও পর্যন্ত এই পরিস্থিতি মোকাবিলায় ১৪৪ ধারা জারির নজির নেই।
১৪৪ ধারা জারি প্রসঙ্গে নাগপুর পুলিশের ব্যাখ্যা, রাহাজানিতে যুক্ত বৃহন্নলারা সাত-দশজনের দল নিয়ে আসে। ১৪৪ ধারা জারির ফলে এবার অপকর্ম করার আগেই তাদের গ্রেফতার করা যাবে। তাতে রাহাজানি কমবে বলে পুলিশের আশা।
পাঁচজনের কম সদস্য মিলে হামলা চালালে তখন কী হবে? পুলিশ বলেছে, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনও হামলাই অপরাধ।
দিল্লির মদকাণ্ড: কেজরিওয়ালের দুয়ারে ইডি, মুখ্যমন্ত্রীর পিএ-কে জিজ্ঞাসাবাদ