
শেষ আপডেট: 10 February 2024 10:44
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। এলাকার ‘নিঁখোজ’ তৃণমূল নেতা শাহজাহানের দুই অনুগামী শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে ফুঁসছে গোটা গ্রাম। এদিন শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারির দাবিতে বাঁশ, লাঠিসোঁটা এবং ঝাঁটা নিয়ে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকশো মহিলা। সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই এবার কড়া পদক্ষেপ প্রশাসনের। ‘আশান্ত’ সন্দেশখালিতে জারি করা হল ১৪৪ ধারা।
শুক্রবার সকাল থেকে সন্দেশখালির উত্তপ্ত পরিস্থিতির ছবি দফায় দফায় উঠে এসেছে শিরোনামে। যদিও এদিন বিকেলে সন্দেশখালির ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ বলে জানিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা। এরপর কয়েক ঘণ্টার মধ্যে সন্ধে সাড়ে ৬ টা নাগাদ থানার সামনে থেকে বিক্ষোভ তুলে নেন মহিলারা। কিন্তু বিক্ষোভকারীদের হুঁশিয়ারি ছিল, শনিবার আবার আন্দোলনে শামিল হবেন তাঁরা। এরপরই শনিবার সকালে সন্দেশখালি ১ এবং ২ এলাকায় মোট ১৬ টি পঞ্চায়েত জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার সকালে সন্দেশখালির গোটা এলাকায় রয়েছে থমথমে পরিবেশ । শুনশান রাস্তাঘাটে বন্ধ দোকানপাট। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে।
শুক্রবার রাতের দিকে সন্দেশখালি থানা এলাকা ঘিরে ফেলে পুলিশের বিশাল বাহিনী। এদিন রাতের মধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও সন্দেশখালি পৌঁছন। এরপরই সেখানে জারি হয় ১৪৪ ধারা। শনিবারও পরিস্থিতি অশান্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
রেশন বণ্টনে ‘দুর্নীতি’র অভিযোগে গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সেখানে তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। গুরুতর আহত হন তিন ইডি অফিসার। এরপর থেকেই নিখোঁজ তৃণমূল নেতা। এরই মধ্যে শুক্রবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। শাহজাহান ঘনিষ্ঠ তথা সন্দেশখালি-২ ব্লকের তৃণমূল সভাপতি শিবুর তিনটি পোল্ট্রি ফার্ম এবং বাগান বাড়িতে আগুন লাগান বিক্ষোভকারীরা। পাল্টা ঘাসফুল শিবিরের লোকজন এলাকা দখলে নামে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
সন্দেশখালিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনওভাবেই নতুন করে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে তৎপর পুলিশ-প্রশাসন। তাই এবার জারি করা হল ১৪৪ ধারা। যদিও গতকাল রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) মনোজ ভার্মা সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, “পরিস্থিতি পুরোটাই কন্ট্রোলে।” শুক্রবারের ঘটনাতে ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।