দ্য ওয়াল ব্যুরো: কেরলে ১৬টি প্রাণ যাওয়ার পরে আপাতত নিয়ন্ত্রণে এসেছে নিপা। কিন্তু ভয়ের কথা শুনিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তিনি সতর্ক করেছেন, দ্বিতীয় দফায় আরও মারাত্মক শক্তি নিয়ে নিপা ফিরে আসতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেছেন, প্রথম দফায় নিপা সংক্ৰমণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিন্তু বিশ্বের অন্যান্য প্রান্তে দেখা গিয়েছে, একবার নিয়ন্ত্রণে এলেও নিপা দ্বিতীয়বার ফিরে আসে। আমরা আশংকা করছি, রাজ্যে দ্বিতীয় দফায় সংক্ৰমণ হতে পারে। সেক্ষেত্রে আরও বেশি মানুষ আক্রান্ত হবেন। আমরা সেজন্য সবরকম প্রস্তুতি নিয়েছি।
কেরলের যে দুই জেলায় নিপা ভাইরাসে ১৬ জন মারা গিয়েছেন সেই কোঝিকোড় ও মালাপ্পুরমে সতর্কতামূক ব্যবস্থা হিসাবে সব সরকারি অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কেৱল পাবলিক সার্ভিস কমিশন সব লিখিত ও অনলাইন পরীক্ষা পিছিয়ে দিয়েছে ১৬ জুন পর্যন্ত। কোঝিকোড় জেলা আদালত চত্বরের এক সুপারিন্টেন্ডেন্ট নিপা সংক্ৰমিত হয়ে মারা যাওয়ার পরে বার ওয়াসোসিয়েশন থেকে জেলাশাসকের কাছে কোর্ট বন্ধ রাখার জন্য আবেদন জানিয়েছে।
কোঝিকোড় জেলা প্রশাসন জনসাধারণের কাছে আবেদন জানিয়েছে, ভিড় থেকে দূরে থাকুন। কোঝিকোড় জেলা হাসপাতালে দ্বিতীয় দফা নিপা
সংক্রমণের আশংকায় ৮০টি বেড খালি রাখা হয়েছে। গরমের ছুটির পরে কোঝিকোড় বাদে কেরলের সর্বত্র স্কুল খুলছে আজ। কিন্তু কোঝিকোড় জেলার স্কুলগুলি খুলবে ৫ জুন।